২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্ঘটনায় এসআই নিহত, স্ত্রীসহ আহত ২

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় দুটি মোটরসাইকেলের সংর্ঘষে পুলিশের এক এসআই নিহত হয়েছেন। আহত হয়েছেন নিহতের স্ত্রীসহ দুইজন।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2016, 05:37 PM

Updated : 12 Apr 2022, 02:52 AM

মঙ্গলবার দুপুরে ভাটই এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।

নিহত এস আই জাহিদ হাসানের বাড়ি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বহালবাড়ি গ্রামে।

আহতদের একজন হলেন এসআই জাহিদের স্ত্রী সালমা আকতার। অপরজনের নাম জানা যায়নি। তাদের ফরিদপুর মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হয়েছে।

ঝিনাইদহের সহকারী পুলিশ সুপার গোপিনাথ কানজিলাল জানান, কিছুদিন আগে ঝিনাইদহ সদর থানা থেকে নড়াইল সদর থানায় বদলি হন জাহিদ। স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে শ্বশুরবাড়ি শৈলকুপা উপজেলার হাফিজপুর যাচ্ছিলেন তিনি।

“ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের ভাটই এলাকায় বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে তাদের মুখোমুখি সংর্ঘষ হলে স্বামী-স্ত্রী ও অপর মোটরসাইকেলের চালক আহত হন।” 

গোপিনাথ কানজিলাল জানান, তাদের উদ্ধার করে প্রথমে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজে পাঠানোর পরামর্শ দেওয়া হয়।

পথে হাটগোপালপুরের কাছাকাছি জাহিদ মারা যান বলে জানান তিনি।