সাভারে বেতন-বোনাসের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে সাভারে একটি সোয়েটার তৈরির কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে শ্রমিকরা।
সোমবার সাভারের কলমা এলাকায় ‘ফনওয়্যার লিমিটেড’ কারখানায় এ ঘটনা ঘটে।
শিল্প পুলিশ-১ সাভার জোনের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মুকুল মোহন কুণ্ডু জানান, সোমবার কারখানাটির শতাধিক শ্রমিকের এক মাসের বেতন ও ঈদ বোনাস দেওয়ার কথা ছিল। কিন্তু কারখানার মালিক পাওনাদি না দিয়েই রোববার রাতে তালা ঝুলিয়ে পালিয়ে যায়।
“সকালে শ্রমিকরা কারখানার সামনে এসে মূল ফটকে তালা ঝুলানো দেখে বিক্ষোভ শুরু করে।”
অন্যদিকে আশুলিয়ার জিরাবো এলাকায় হিলটাউন গার্মেন্টসের একশ শ্রমিক বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে কারখানার সামনে অবস্থান নেয়।
পরে পুলিশ ধাওয়া দিয়ে তাদের কারখানার সামনে থেকে সরিয়ে দিয়েছে বলে জানিয়েছেন আশুলিয়া থানার ওসি মহসিনুল কাদির।
