গাইবান্ধায় বাস খাদে পড়ে নিহত ২
গাইবান্ধার পলাশবাড়ীতে যাত্রীবাহী বাস খাদে পড়ে দুইজন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ১৫ জন।
সোমবার ভোরে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের ডাকঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পলাশবাড়ী থানার ওসি মজিবর রহমান জানান।
নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার পূর্ব কোমরনই গোদার হাট এলাকার রুবেল মিয়ার স্ত্রী মোর্শেদা বেগম (২২) ও ফুলছড়ি উপজেলার রসুলপুর গ্রামের আহম্মদ আলীর ছেলে দুখু মিয়া (২৭)।
আহতদের গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি মজিবর বলেন, বাসটি ঢাকা থেকে গাইবান্ধা আসছিল। পথে ওই এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে উল্টে খাদে পড়ে যায়।
“এতে ঘটনাস্থলেই মোর্শেদা বেগম মারা যান। আর হাসপাতালে নেওয়ার পথে দুখু মিয়ার মৃত্যু হয়।”
দুর্ঘটনার পর বাস চালক ও তার সহকারী পালিয়ে গেছে।
