বাড়ির পাশে শিশুর গলা কাটা লাশ
গাজীপুরে নিখোঁজের পর সাত বছরের শিশুর গলা কাটা লাশ উদ্ধার করা হয়েছে। পরিবার মুক্তিপণ দাবির কথা বললেও পুলিশ পূর্বশত্রুতাকে কারণ বলে ধারণা করছে।
রোববার সকালে সদর উপজেলার নলজানি গ্রামের নিজ বাড়ির কাছে একটি ঝোপ থেকে সজীব হোসেনের (৭) লাশ উদ্ধার করা হয় বলে জানান হোতাপাড়া পুলিশ ফাঁড়ির এসআই নাজমুল হক।
নিহত সজীব ওই গ্রামের কৃষক জসিম উদ্দিনের ছেলে। সে দুই ভাইয়ের মধ্যে ছোট ছিল।
পরিবারের বরাত দিয়ে এসআই বলেন, শনিবার বেলা আড়াইটার দিকে এক ব্যক্তি সজীবের মাকে মোবাইলে ফোন করে সজীবকে অপহরণ করা হয়েছে বলে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
“সন্ধ্যায় ওই নম্বরে ফোন করে আংশিক টাকা সংগ্রহের কথা জানালে পুরো টাকা সংগ্র করে ফোন করার কথা বলা হয়। রাতে সজীবের বাবা জসিম ঘটনাটি জয়দেবপুর থানা পুলিশকে জানান। পরদিন রোববার সকাল ৯টার দিকে বাড়ির পাশের একটি ঝোপে প্রতিবেশীরা লাশ দেখতে পায়।”
এসআই বলেন, “শিশুটিকে জবাই করে হাত-পায়ের রগ কেটে ফেলা হয়েছিল। পূর্ব শত্রুাতার জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে।”
সজীবের বাবা জসিম উদ্দিন জয়দেবপুর থানায় মামলা করেছেন।
প্রতিবেশী মোশারফ হোসেনকে প্রধান আসামি করে ৯ জনের নামে মামলা করা হয়েছে বলে জানান এসআই নাজমুল।
জসিম উদ্দিন বলেন, প্রতিবেশী মোশারফ হোসেনের সঙ্গে তাদের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ রয়েছে।
