ট্যাম্পাকোর মালিককে জবাবদিহি করতেই হবে: রিয়াজুল হক
টঙ্গীতে প্যাকেজিং কারখানায় বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনার জন্য মালিককে জবাবদিহি করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক।
রোববার বিকালে ক্ষতিগ্রস্ত ট্যাম্পাকো কারখানা পরিদর্শনকালে তিনি বলেন, কারখানার মালিক কোনোভাবেই এর দায়কে অস্বীকার করতে পারে না, দায়িত্ব তাকে নিতেই হবে। ৪৫ বছর আগে ব্যবসা শুরু করে তিনি তো ব্যবসা এক্সটেন্ড করে যাচ্ছেন।
“অথচ এর সাথে অন্যান্য সাপোর্টগুলো দেওয়ার কথা, সেগুলো তিনি নিশ্চিত করতে পারেননি নিশ্চয়ই। তারই ফলশ্রুতিতে এ ঘটনা ঘটেছে। মালিক তো কোনোক্রমেই এ দায়িত্ব এড়াতে পারেন না। মালিককে জবাবদিহি করতেই হবে।”
এখানে যারা আছেন বা স্থানীয় কেউ যদি মালিকের বিরুদ্ধে হত্যা মামলাও করে তার সঙ্গে জাতীয় মানবাধিকার কাউন্সিল থাকবে বলে আশ্বাস দেন তিনি।
এছাড়া যেসব কমিটি সরকারিভাবে বা স্থানীয়ভাবে হয়েছে তারা তাদের মতো কাজ করবে, বলেন তিনি।
“আমরা টেকনিক্যাল বিষয়ের ওপর পর্যালোচনা করে দেখব কবে লাইসেন্স দেওয়া হয়েছিল, কে লাইসেন্স দিয়েছিল। কারখানায় আসছিল কি আসছিল না, টাইম টু টাইম যে এক্সটেনশন হয়েছে সেগুলো দেখা হয়েছিল কি না ইত্যাদি বিষয়গুলো আমরা খতিয়ে দেখার চেষ্টা করব।”
এসময় তার সঙ্গে ঢাকা বিভাগীয় কমিশনার মো. হেলাল উদ্দিন আহমেদ, গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ, গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রাহেনুল ইসলাম, মানবাধিকার কমিশনের উপ-পরিচালক কাজী আরফান আশিক, সহকারী পরিচালক মো. রবিউল ইসলাম, জনসংযোগ কর্মকর্তা ফারহানা সাঈদ প্রমুখ উপস্থিত ছিলেন।
শনিবার সকালে টঙ্গীর বিসিক শিল্প নগরীর ট্যাম্পাকো ফয়েলসে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডে এ পর্যন্ত ২৯ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। এছাড়া নয় জন নিখোঁজ থাকার কথা জানায় গাজীপুর জেলা প্রশাসন।
রোববার বিকালে উদ্ধার কাজ শুরু হলেও উত্তাপ, ধোঁয়া ও কাঠামো ধসে পড়ার আশঙ্কায় উদ্ধারকর্মীরা ভেতরে যেতে পারেননি। তবে বাইরে ধ্বংসস্তূপ থেকে চারটি লাশ উদ্ধার করা হয়। এরর আগে শনিবার ২৪ জন এবং রোববার একজনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়।
