ভিড় বেড়েছে কামার পাড়ায়
কোরবানি উপলক্ষে বগুড়ার কামারপাড়ায় বেড়েছে মৌসুমি ব্যস্ততা। মানুষ ভিড় করছে নতুন ছুরি-বঁটি কেনার জন্য। কেউ কেউ আবার পুরনোটা শানিয়ে নেওয়ার জন্যও আসছে।
সরজমিনে বগুড়া শহরের বকশিবাজার, কালিতলা, কাঁঠালতলা, ফতেহ আলী বাজার, রাজা বাজার, কড়িতলায় গিয়ে দেখা গেছে, দা, বঁটি, চাকু, ছোরা, চাপাতির নতুন নতুন দোকান বসেছে।
অনেকে খোলা জায়গায় দোকান বসালেও অনেকে নেট দিয়ে ঘিরে নিয়েছে।
সোনাতলার কামার মানিক চন্দ্র বলেন, শহরের বিভিন্ন মুদি দোকানি আগেই ফরমায়েশ দিয়েছিল। সেই অনুযায়ী মাল বানাতে দিনরাত কাজ করতে হচ্ছে।
“বছরের এ সময়টা একটু বেশি উপার্জন হয়। তাই শ্রমও বেশি দেই আমরা।”
শহরের রেলগেট এলাকার দোকানি আব্দুল লতিফ বলেন, তিনি কাহালু, দুপচাঁচিয়া, সোনাতলা, আশেকোলাসহ অন্যান্য এলাকার কামারদের ফরমায়েশ দিয়ে দা, বঁটি, চাকু ও ছোরা বানিয়ে এনে বিক্রি করেন।
তিনি ২৭ বছর ধরে এ ব্যবসায় আছেন বলে জানান।
জিল্লুর রহমান নামে আরেক দোকানি বলেন, কামারদের তৈরি দেশি সামগ্রীর পাশাপাশি চীন থেকে আমদানি করা দা, ছুরিও বাজারে এসেছে। মাংস কাটার বড় চাইনিজ দা ৩০০ থেকে ৪০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।
শহরের বকশীবাজার এলাকার শ্যামল মোহন্ত তার দোকান লোহার নেট দিয়ে ঘিরে নিয়েছেন।
তিনি বলেন, ধারালো অস্ত্রশস্ত্র নিয়ন্ত্রণের মধ্যে থাকাই ভাল।
রহমান নগর এলাকার গৃহিণী সালমা বেগম বকশীবাজার এলাকায় এসেছেন ছুরি-বঁটি কিনতে।
তিনি বলেন, “হাটে কোরবানির গরু কিনতে পাঠিয়েছি। আর আমি এলাম মাংস কাটার সরঞ্জাম কিনতে। দাম আগের চেয়ে একটু বেশি মনে হচ্ছে।”
