২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

এবার ঈদেও হামলার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না: কাদের

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, গতবারের মতো এবারের ঈদেও ধর্মীয় উগ্রবাদীদের হামলার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2016, 07:38 PM

Updated : 20 Aug 2022, 01:39 PM

রোববার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভুলতা ফ্লাইওভার নির্মাণকাজ পরিদর্শনে এসে মন্ত্রী সাংবাদিকদের বলেন, গতবারের মতো এবারের ঈদেও ধর্মীয় উগ্রবাদীদের হামলার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না।

হামলার আশঙ্কায় নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে তিনি বলেন, সারাদেশে সম্ভাব্য হামলার স্থানে পুলিশ সতর্ক অবস্থায় রয়েছে এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে।

শনিবার রাজধানীর আজিমপুরে উগ্রবাদীদের একটি আস্তানায় পুলিশ সফল অভিযান চালিয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, গতবার ঈদের দিন কিশোরগঞ্জের শোলাকিয়ায় ও তার আগে গুলশানে হামলা হয়েছে।

“রমজানের ঈদে হামলা হয়েছে বলে কোরবানির ঈদে এ ধরনের ঘটনা আর ঘটবে না - এমন চিন্তা করা ঠিক হবে না। তবে হামলা হতে পারে এমন সম্ভাব্য সব জায়গায় আমাদের পুলিশ সতর্ক রয়েছে। যথাযথ দায়িত্ব পালনের মাধ্যমে নিরাপত্তা জোরদার করেছে।”

ঈদযাত্রায় মহাসড়কে যানজট সম্পর্কে তিনি বলেন, ঈদের আগে দেশের কোনো স্থানে যানজট হওয়ার আশঙ্কা নেই। ঈদে ঘরমুখো মানুষ নিরাপদে বাড়ি ফিরতে পারবে।

মন্ত্রীর ফ্লাইওভার নির্মাণকাজ পরিদর্শনের সময় তার সঙ্গে সড়ক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গত ১ জুলাই গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলা চালিয়ে দেশি-বিদেশি নাগরিকদের জিম্মি করে জঙ্গিরা। খবর পেয়ে সেখানে অভিযানে গিয়ে গ্রেনেড হামলায় মারা যান পুলিশের দুই কর্মকর্তা। পরদিন অভিযান চালিয়ে রেস্তোরাঁটির নিয়ন্ত্রণ নেয় সেনাবাহিনী। এর আগেই ১৭ বিদেশিসহ ২০ জনকে হত‌্যা করে জঙ্গিরা।

এর ছয় দিন পর ৭ জুলাই সকালে কিশোরগঞ্জের শোলাকিয়ায় দেশের বৃহত্তম ঈদ জামায়াতের মাঠের কাছে সন্ত্রাসী হামলায় নিহত হন দুই পুলিশসহ চারজন।