ট্যাম্পাকোর অগ্নিকাণ্ড: ‘নিখোঁজ ৯’
গাজীপুরের টঙ্গী বিসিক শিল্প নগরীর প্যাকেজিং কারখানায় বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় নয় নিখোঁজ শ্রমিক-কর্মচারীর একটি তালিকা করেছে জেলা প্রশাসন।
টঙ্গী আহসান উল্লাহ মাস্টার উড়াল সেতুর পাশে স্থাপিত কন্ট্রোল রুমে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুল হাসেম দায়িত্ব পালন করছেন।
শনিবার সকালে ট্যাম্পাকো ফয়েলস কারখানায় বয়লার বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের পর হতাহতদের ঢাকা মেডিকেল কলেজসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।
হাসপাতাল মর্গের হিসাবে এ পর্যন্ত ২৫ জন নিহত হওয়ার খবর নিশ্চিত হওয়া গেছে।
তবে কারখানার ভেতর থেকে কাউকে এখনও বের করা সম্ভব হয়নি। তাই সেখানে আরও মৃতদেহ রয়েছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুল হাসেম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কারখানার নিখোঁজ শ্রমিকদের স্বজনরা কন্ট্রোল রুমে এসে তাদের পরিচয়পত্র, ছবি ও নাম দিয়ে যাচ্ছে। সে অনুযায়ী নিখোঁজদের তালিকা করা হচ্ছে।
এ ঘটনায় রোববার পর্যন্ত ২৫ জন নিহত এবং নয় জন নিখোঁজ রয়েছেন বলে কন্ট্রোল রুম নিশ্চিত করেছে।
নিখোঁজ শ্রমিকের তালিকায় রয়েছেন-মাগুরা সদরের চনপুর ইডারন গ্রামের আ. মালেক মোল্লার ছেলে আজিম উদ্দিন (৩৬), টাঙ্গাইলের মির্জাপুরের উকুলকি গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে জহিরুল ইসলাম (৩৭), গাজীপুর নগরের হিমারদিঘী আমতলী বস্তি হরিজন কলোনির দিলীপ ডোমের ছেলে শ্রী রাজেশ বাবু (২২), লক্ষ্মীপুরের রামগঞ্জের শিবপুর গ্রামের মো. আবু তাহেরের ছেলে রিয়াদ হোসেন মুরাদ (৩২), সিরাজগঞ্জের শাহজাদপুরের ঝিগারবাড়িয়া গ্রামের মমতাজ আলীর ছেলে মো. ইসমাইল হোসেন (৪৫), একই এলাকার সুলতান গাজীর ছেলে মো. আনিছুর রহমান (৩০), কিশোরগঞ্জের হোসেনপুরের মেছেরা গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে মো. রফিকুল ইসলাম (৪০), চাঁদপুরের কচুয়ার তেগরিয়া গ্রামের ইউনুস পাটোয়ারীর ছেলে নাসির উদ্দিন পাটোয়ারী (৪৫) ও কুমিল্লার মুরাদনগরের টনকী গ্রামের মো. তোফায়েল হোসেনের ছেলে মাসুম আহমেদ (৩০)।
কন্ট্রোল রুমে নিখোঁজদের খোঁজ নিতে এসে ছবি হাতে স্বজনদের কান্নায় ভেঙে পড়তে দেখা গেছে।
