কক্সবাজারে স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগ
কক্সবাজার শহরে এক স্কুছাত্রীকে অপহরণের অভিযোগ উঠেছে।
চারদিন আগে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির এই ছাত্রীকে অপহরণের অভিযোগে একটি মামলা হয়েছে আদালতে।
মেয়েটির চাচা বাদী হয়ে গত বৃহস্পতিবার কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করেছেন বলে জানান তার আইনজীবী উজ্জ্বল কান্তি দাশ।
আসামিরা হলেন, রামু উপজেলার রাজারকূল ইউনিয়নের অফিসের চরের মৃত আবুল কাসেমের ছেলে রোহান ইবনে রিপন, কক্সবাজার ফুয়াদ আল খতিব হাসপাতালের প্যাথলজি ল্যাব ইনস্টিটিউটে অধ্যায়নরত মোহাম্মদ রবিউল, টেকনাফের হ্নীলা ইউনিয়নের ফুলের ডেইল এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে খোরশেদ আলম ও তার স্ত্রী রিপা আক্তার, রামুর অফিসের চরের মৃত আবুল কাসেমের স্ত্রী জহুরা বেগম।
মামলার বরাত দিয়ে তিনি বলেন, আসামি রিপন ও রবিউল মেয়েটিকে স্কুলে ও প্রাইভেটে আসা-যাওয়ার পথে প্রায় সময় উত্ত্যক্ত করত। এরপর থেকে স্বজনরা তাকে স্কুলে ও প্রাইভেটে আনা-নেওয়া করত। কিন্তু বুধবার মেয়েটির বাবা খুব অসুস্থ থাকায় কেউ সঙ্গে যায়নি।
ওইদিন বিকালে স্কুল শেষে প্রাইভেট শিক্ষকের কাছে পড়তে যায় মেয়েটি। প্রাইভেট শেষে বাড়ি ফেরার পথে কয়েকজন উত্ত্যক্তকারী তাকে জোরপূর্বক মাইক্রোবাসে তুলে নিয়ে যায় বলে মামলায় অভিযোগ করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা কক্সবাজার সদর থানার এসআই মো. রফিকুল ইসলাম বলেন, আদালতে দায়ের করা মামলাটি সদর থানায় নথিভুক্ত করা হয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।
