ঈদযাত্রায় সদরঘাটে বুড়িগঙ্গায় ডুবে শিশু নিহত
ঈদযাত্রায় ঢাকার সদরঘাটে লঞ্চ টার্মিনালের পন্টুন থেকে বুড়িগঙ্গায় পড়ে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার রাতে টার্মিনালের ৯ নম্বর পন্টুনে এ ঘটনা ঘটে বলে জানান দক্ষিণ কেরাণীগঞ্জ থানার হাসনাবাদ নৌপুলিশ ফাঁড়ির এসআই মো. সামসুল আলম।
নিহত মো. সিয়াম (৪) ভোলার উত্তর কুরুলিয়া এলাকার মো. সিরাজের ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এসআই বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শিশু সিয়ামকে নিয়ে তার পরিবার ঢাকা থেকে গ্রামের বাড়ি যাচ্ছিল।
“সদরঘাটের ৯ নম্বর পন্টুন থেকে ১০ নম্বর পন্টুনে যাওয়ার সময় দুই পন্টুনের মাঝখানে ফাঁকা জায়গায় পড়ে সিয়াম বুড়িগঙ্গায় ডুবে যায়। স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হলে কয়েক ঘণ্টা পরে লাশ ভেসে ওঠে।”
নিহতের পরিবারের অভিযোগ না থাকায় কোতোয়ালি থানায় আইনি প্রক্রিয়া শেষ করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান এসআই সামসুল।
