ব্রাহ্মণাবড়িয়ায় ইউপি সদস্য হত্যা: প্রতিপক্ষের বাড়িতে হামলার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়া সদরের রামরাইল ইউনিয়নের সেন্দ গ্রামে এক ইউপি সদস্য হত্যা মামলার বাদীপক্ষের বিরুদ্ধে আসামিপক্ষের একজনের বাড়িতে হামলার অভিযোগ পাওয়া গেছে।
চারদিন আগের এ ঘটনার পর থেকেই ভুক্তভোগী কয়েকটি পরিবারের সদস্য বাড়িছাড়া বলে অভিযোগ করা হয়।
এ ঘটনায় স্থানীয় মমিনা বেগম বাদী হয়ে সদর মডেল থানায় ২০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। তবে এখনও কাউকে গ্রেপ্তার করা যায়নি।
মামলার নথি থেকে জানা যায়, গত ৩০ জুলাই খুন হন সেন্দ গ্রামের বাসিন্দা ও রামরাইল ইউনিয়ন পরিষদের সদস্য আনোয়ার হোসেন আনু। এ ঘটনায় সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করে নিহতের পরিবারের লোকজন।
ওই মামলায় সেন্দ গ্রামের বাসিন্দা মো. শুক্কু মিয়ার ছেলে ইয়াছিনসহ বেশ কয়েকজনকে আসামি করা হয়। মামলার পর থেকেই গ্রেপ্তারের ভয়ে ইয়াছিন পলাতক রয়েছেন।
এরপর গত মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় মামলার বাদীপক্ষের লোকজন আসামিপক্ষের মমিনা বেগমের বাড়িতে অস্ত্র-শস্ত্র নিয়ে ভয় দেখিয়ে গ্রাম ছেড়ে চলে যাওয়ার জন্য হুমকি দিতে থাকে।
মমিনা বেগমের মামলায় আরও বলা হয়, হামলার সময় তারা হাতবোমার বিস্ফোরণও ঘটায় এবং তাদের বাড়ি থেকে নগদ টাকা, স্বর্ণালংকার, আসবাবপত্র, টেলিভিশন, ফ্রিজ, চালের ড্রাম, গরুসহ বিভিন্ন জিনসপত্র লুটে নেয়।
হামলাকারীরা মমিনা বেগমকে পরিবার নিয়ে গ্রাম ছেড়ে চলে যাওয়ার হুমকি দিচ্ছে বলে মামলায় অভিযোগ করা হয়।
এ ঘটনায় মামলার তদন্তকারী কর্মকর্তা ইসতিয়াক আহমেদ বলেন, মামলার আসামিরা পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
