২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ট্যাম্পাকোর মালিকের বিরুদ্ধে মামলা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

টঙ্গীর ট্যাম্পাকো ফয়েলস কারখানায় বিস্ফোরণে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় মালিকের বিরুদ্ধে মামলা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2016, 08:02 PM

Updated : 11 Oct 2022, 08:42 PM

শনিবার বিকালে টঙ্গীর বিসিক শিল্পনগরী এলাকায় ওই কারখানা পরিদর্শনে এসে তিনি সাংবাদিকদের একথা বলেন।

সিলেটের সাবেক বিএনপি সাংসদ সৈয়দ মো. মকবুল হোসেনের মালিকানাধীন এই কারখানায় শনিবার সকালে বিস্ফোরণের পর আগুন ধরে। এতে ২৪ জন নিহত হন। আহত অন্তত ৩৫ জনকে টঙ্গী সরকারি হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ওই কারখানায় বয়লার বিস্ফোরণ হয়ে এতোগুলো মানুষ মারা গেছে। কী কারণে আগুনের সৃষ্টি হয়েছে এবং কোন কোন ধারায় মালিকের বিরুদ্ধে মামলা হবে তা তদন্ত শেষে বলা যাবে।

তিনি বলেন, এ কারখানায় যে ধরনের কেমিক্যাল ব্যবহার করা হতো সেগুলোর কারণে আগুন ব্যাপকভাবে বিস্তার লাভ করছে। ফায়ার সার্ভিসের কর্মীরা সময়মতো না আসলে এর ব্যাপকতা আরও বেড়ে যেত।

সরকারের পক্ষ থেকে নিহতদের প্রত্যেকের পরিবারকে দুই লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। তবে যেখানে যেটা করা দরকার সরকার তা করবে বলে তিনি জানান।

এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল, গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ, গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ প্রমুখ।

এ ঘটনার পর কারখানার মালিক সৈয়দ মো. মকবুল হোসেন হতাহত শ্রমিকদের ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

মকবুল জানান, ১৯৭৭ সালে প্রতিষ্ঠিত তার এই কারখানায় সাড়ে ৪শর মতো শ্রমিক রয়েছে। সবার ঈদের বোনাসসহ বেতন-ভাতা কয়েকদিন আগেই পরিশোধ করা হয়েছিল।   

শুক্রবার রাতের পালায় ৭৫ জনের মতো কাজ করছিলেন। শনিবার ঈদের ছুটি হওয়ার কথা ছিল বলে জানান তিনি।