টেকনাফে চালক ‘খুন’, অটোরিকশা ছিনতাই
কক্সবাজারের টেকনাফে একটি লবণ মাঠ থেকে এক অটোরিকশা চালকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী এলাকায় জাফর আলমের (২৮) মৃতদেহ পাওয়া যায় বলে টেকনাফ থানার ওসি মো. আব্দুল মজিদ জানান।
জাফর আলম টেকনাফ পৌর এলাকার পুরাতন পল্লান পাড়ার ছৈয়দ হোছন ওরফে লেডুর ছেলে।
অটোরিকশা ছিনতাই করতে তাকে খুন করা হয়েছে বলে দাবি স্বজনদের।
ওসি মজিদ বলেন, সকালে লবণ মাঠে মৃতদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করেছে।
“নিহতের শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। কারা, কী কারণে এবং কীভাবে হত্যাকাণ্ডটি ঘটিয়েছে তা পুলিশ খতিয়ে দেখছে। তার মৃত্যুর কারণ রহস্যজনক।”
তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা পুলিশের, বলেন ওসি।
ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
জাফরের বাবার বরাত দিয়ে ওসি বলেন, জাফর আলম একজন সিএনজিচালিত অটোরিকশার চালক। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে গাড়ি নিয়ে বের হয়েছিলেন। এরপর থেকে তিনি রাতে বাড়ি ফেরেননি।
জাফরের চাচা মোহাম্মদ মনু বলেন, শুক্রবার রাত ৯টার দিকে জাফর টেকনাফ সদর স্টেশন থেকে যাত্রী নিয়ে হ্নীলা স্টেশনের দিকে গিয়েছিলেন। এরপর থেকে তার কোন খোঁজ-খবর পাওয়া যায়নি।
যাত্রীবেশী ছিনতাইকারীরা তাকে হত্যা করে ফেলে দিয়ে গাড়ি নিয়ে পালিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।
