বরিশালে ঈদের প্রধান জামাত সকাল ৮টায়
বরিশালে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে, সকাল ৮টায়।
এতে ইমামতি করবেন স্টিমার ঘাট জামে মসজিদের খতিব মাওলানা সিহাব উদ্দিন।
আগামী ১৩ সেপ্টেম্বর মঙ্গলবার বাংলাদেশে কোরবানির ঈদ হবে। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী সৃষ্টিকর্তার সন্তুষ্টি লাভের আশায় এই ঈদে পশু কোরবানি দেন মুসলিমরা।
ঈদের প্রধান জামাতে বরিশাল সিটি করপোরেশনের মেয়র, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেবেন।
বিভাগের সবচেয়ে বড় ঈদের জামাত হবে সকাল সাড়ে ৮টায় চরমোনাই দরবার শরীফ ময়দানে। এতে ইমামতি করবেন চরমোনাই পীর মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মাদ রেজাউল করিম।
প্রায় ২০ হাজার মুসুল্লি সেখানে ঈদ জামাত আদায় করতে পারবেন বলে ধারণা করা হচ্ছে।
এছাড়া বরিশাল নগরীর একাধিক স্থানে দুটি করে জামাত অনুষ্ঠিত হবে।
এর মধ্যে কেন্দ্রীয় জামে কশাই মসজিদ ও জামে এবাদুল্লাহ মসজিদে ঈদের প্রথম জামাত সকাল ৮টায় এবং দ্বিতীয় জামাত সকাল সাড়ে ৯টায় অনুষ্ঠিত হবে।
বায়তুল মোকাররম জামে মসজিদে সকাল ৮টায় প্রথম জামাত ও সাড়ে ৯টায় দ্বিতীয় জামাত এবং পুলিশ লাইন্স জামে মসজিদে প্রথম জামাত সকাল ৮টায় ও দ্বিতীয় জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত হবে।
সকাল ৮টায় নূরিয়া স্কুল ঈদগাহ ময়দানে, আঞ্জুমান হেমায়েত ইসলাম গোরস্থানে, ল’কলেজ জামে মসজিদে, ব্রাউন কম্পাউন্ড জামে মসজিদে, জেল গেইট জামে মসজিদে, গুঠিয়া বায়তুল আমান জামে মসজিদে, পাওয়ার হাউজ জামে মসজিদে ও মেডিকেল কলেজ জামে মসজিদে ঈদের জামাত হবে।
সকাল সোয়া ৮টায় পোর্ট রোড জামে মসজিদে এবং সকাল সাড়ে ৮টায় ফকিরবাড়ি জামে মসজিদ ওনেছারাবাদ জামে মসজিদে ঈদের জামাত হবে।
এছাড়া নগরীর ৩০টি ওয়ার্ডসহ বরিশালের বিভিন্ন স্থানে ছোট-বড় একাধিক ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
