বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর আগ্রহ জাপানি বাণিজ্যমন্ত্রীর
আকাজাওয়া রিয়োসেই বাংলাদেশকে ‘বিনিয়োগের জন্য আকর্ষণীয় দেশ’ হিসেবে বর্ণনা করেন।
বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর বিষয়ে জাপানের আগ্রহের কথা জানিয়েছেন দেশটির অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রী আকাজাওয়া রিয়োসেই।
বুধবার টোকিওর ইম্পেরিয়াল হোটেলে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে তিনি এ আগ্রহের কথা জানান।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন বলেন, একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে জাপান সরকারের অব্যাহত সমর্থন ও সহযোগিতার জন্য আকাজাওয়া রিয়োসেইকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৈঠকে জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে আলোচিত সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র এগিয়ে নেওয়া এবং দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের বিষয়ে উভয় পক্ষ একমত হয়।
শাহাদাৎ স্বাধীন বলেন, আকাজাওয়া রিয়োসেই বাংলাদেশকে ‘বিনিয়োগের জন্য আকর্ষণীয় দেশ’ হিসেবে বর্ণনা করেন। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও মজবুত করা এবং বিনিয়োগ বাড়ানোর বিষয়ে জাপানের আগ্রহের কথাও বলেন।
বৈঠকে জাপানি ব্যবসায়ী মহলে বাংলাদেশের প্রতি বিদ্যমান বিনিয়োগ-আগ্রহ কাজে লাগিয়ে দেশে আরও জাপানি বিনিয়োগ আকৃষ্ট করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমান এ সময় জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।
বৈঠকে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান।
এ ছাড়া প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাকিরুল ইসলাম খান, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
