২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন শুরু

গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম শুরু হয়েছে।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2016, 02:14 PM

Updated : 20 Aug 2022, 01:38 PM

বৃহস্পতিবার মধ‌্যরাত থেকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ভর্তিচ্ছুরা আবেদন করা শুরু করেছেন বলে জনসংযোগ কর্মকর্তা মো. মাহবুবুল আলম জানিয়েছেন।

তিনি জানান, ১৮ অক্টোবর পর্যন্ত ভর্তির আবেদন করা যাবে। এবার আটটি অনুষদের ২৩টি বিভাগে কোটাসহ ২২০৭ জনকে ভর্তি করা হবে।

এর মধ্যে ‘এ’ ইউনিটের অধীনে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিকাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, ফলিত পদার্থবিজ্ঞান, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, অ্যাপ্লায়েড কেমিস্ট্রি অ্যান্ড কেমিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগে শিক্ষার্থী ভর্তি করা হবে।

এছাড়া ‘বি’ ইউনিটে গণিত, পরিসংখ্যান, রসায়ন, পদার্থবিজ্ঞান, পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা; ‘সি’ ইউনিটে ফার্মাসি, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি; ‘ডি’ ইউনিটে ইংরেজি ও বাংলা; ‘ই’ ইউনিটে সমাজবিজ্ঞান, লোক প্রশাসন, অর্থনীতি ও আন্তর্জাতিক সম্পর্ক; ‘এফ’ ইউনিটে ম্যানেজমেন্ট স্টাডিজ, অ‌্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস ও মার্কেটিং; ‘জি’ ইউনিটে আইন এবং ‘এইচ’ ইউনিটে কৃষি বিভাগে শিক্ষার্থী ভর্তি করা হবে বলে জানান মাহবুব।

আগামী ২৮ অক্টোবর ‘এ’ ও ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা, ২৯ অক্টোবর ‘সি’ ও ‘এইচ’ ইউনিটের পরীক্ষা, ৪ নভেম্বর ‘ডি’ ও ‘ই’ ইউনিটের এবং ৫ নভেম্বর ‘এফ’ ও ‘জি’ ইউনিটের ভর্তি পরীক্ষা হবে।

ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.bsmrstu.edu.bd) পাওয়া যাবে।