ঈদযাত্রায় উত্তরের পথে ধীরগতি
আগের দুদিনের মতো ব্যাপক জট নেই, তবে ঈদের ছুটি শুরুর প্রথম দিন সকালেও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহন চলছে ধীর গতিতে।
ঢাকা থেকে এই পথ ধরেই বঙ্গবন্ধু সেতু হয়ে উত্তরবঙ্গ এবং দক্ষিণের বিভিন্ন জেলায় পৌঁছাবে ঈদে ঘরমুখো মানুষ। আর ঢাকার কোরবানির পশুর হাটের চাহিদা মেটাতে এই পথ ধরেই উত্তরবঙ্গ থেকে ঢাকা আসছে গরুবোঝাই ট্রাক।
ঈদে সরকারি ছুটি রোববার থেকে শুরুর কথা থাকলেও তার আগে শুক্র-শনির কল্যাণে কার্যত ছুটি শুরু হয়ে গেছে শেষ কর্মদিবস বৃহস্পতিবার বিকাল থেকেই।
সড়কে স্বাভাবিকের তুলনায় কয়েক গুণ বেশি গাড়ির চাপে বৃহস্পতিবার সকালে ব্যাপক যানজটের পর প্রায় সারাদিনই থেমে থেমে গাড়ি চলেছে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে।
শুক্রবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে টঙ্গী থেকে ভোগড়া বাইপাস মোড় পর্যন্ত, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বঙ্গবন্ধু সেতু থেকে চন্দ্রা ত্রিমোড়, কোনাবাড়ি ও ঢাকা বাইপাস সড়কের ভোগড়া থেকে মীরের বাজার এলাকায় সড়কে ধীর গতি দেখা গেছে।
গাড়ির চাপের মধ্যে কয়েকটি স্থানে দুর্ঘটনা ও গাড়ি বিকল হওয়ায় পরিস্থিতি জটিল হয়েছে বলে জানিয়েছেন সালনা মহাসড়ক থানার ওসি মো. হোসেন সরকার।
তিনি বলেন, বৃহস্পতিবার রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে একাধিক গাড়ি বিকল ও সড়ক দুঘর্টনায় পড়ে। ফলে চলাচল বিঘ্নিত হয়। এর প্রভাবে শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে মহাসড়কের কোনাবাড়ি এলাকায় গাড়ি চলাচল একেবারে স্থবির হয়ে যায়।
তাছাড়া চারলেন প্রকল্পের কাজ চলতে থাকায়ও মহাসড়কে গাড়ি চলাচল বিঘ্নিত হচ্ছে বলে জানান হাইওয়ে পুলিশের এ কর্মকর্তা।
এছাড়া ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া এলাকায় রাতে গরুবাহী ট্রাকের সঙ্গে কভার্ডভ্যানের সংঘর্ষের পর জট সৃষ্টি হয়। সকাল জট ছাড়লেও গাড়ি ধীর গতিতে চলছে বলে জানান বাবুল।
এর আগে রাত ১১টার দিকে মির্জাপুরে আনারস বোঝাই ট্রাক ও পিকআপের সংঘর্ষে দুইজন নিহত হলে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সড়কের উভয়পাশে সৃষ্টি হয় দীর্ঘ যানজট।
আইনশৃঙ্খলা বাহিনীর চেষ্টায় আটকা পরা যানবাহন শুক্রবার সকালের দিকে থেমে থেমে চলতে শুরু করে।
গোড়াই মহাসড়ক থানার এলেঙ্গা ফাঁড়ির ইনচার্জ জাহাঙ্গীর আলম বলেন, মহাসড়কের বঙ্গবন্ধু সেতুর পূর্ব পার থেকে গাজীপুরের চন্দ্রা পর্যন্ত প্রায় ৭০ কিলোমিটার সড়কে যানবাহনের দীর্ঘ সারি রয়েছে, সামনে এগোতে হচ্ছে থেমে থেমে।
রংপুর থেকে যাত্রী নিয়ে আসা এক বাসের চালক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুই হাত করে আগাচ্ছি, আধা ঘণ্টা বসে থাকছি, আবার দুই হাত আগাচ্ছি। ঢাকা পৌঁছাব কখন বলতে পারছি না।”
প্রভাতি-বনশ্রী পরিবহনের যাত্রী আবুল কাসেম বলেন, “ঢাকার বনানী থেকে সফিপুর যাওয়ার জন্য সকাল সাড়ে ৭টার দিকে বাসে চড়েছি। ভোগড়া বাইপাস মোড়ে পৌঁছাতেই আড়াই ঘণ্টা লেগে গেছে।”
বগুড়া থেকে ঢাকার দিকে আসা ট্রাক চালক আছর উদ্দিন জানান, তিনি রওনা হয়েছিলেন বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে। শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে গাজীপুরের কোনাবাড়ি এলাকায় পৌঁছছেন।
গাজীপুর ট্রাফিক বিভাগের এএসপি মো. সাখাওয়াত হোসেন জানান, জেলার সড়ক-মহাসড়কের বিভিন্ন চৌরাস্তা এবং ত্রিমোড়গুলোতে ‘রেশনিং পদ্ধতিতে’ গাড়ি ছাড়া হয়। এতে এক পাশ বন্ধ রেখে অন্য পাশের গাড়ি বেরিয়ে যেতে দেওয়া হয়। ফলে যেদিক বন্ধ থাকে, অল্প সময়েই সেদিকে গাড়ির দীর্ঘ লাইন পড়ে যায়।
