নরসিংদীতে গোলাগুলির পর ৪ ডাকাত আটক
নরসিংদীতে পুলিশের সঙ্গে গোলাগুলির পর চার ডাকাত অস্ত্রশস্ত্রসহ আত্মসমর্পণ করেছে বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় জেলা শহরের বাসাইলের আহাম্মদ মঞ্জিলে এ ঘটনা ঘটে বলে জানান পুলিশ সুপার আমেনা বেগম।
পুলিশ ডাকাতদের নাম প্রকাশ করেনি।
আহাম্মদ মঞ্জিলের বাসিন্দা ওবায়দুল কবির ও কাজি কামাল বলেন, সন্ধ্যায় ১০-১২ জনের সশস্ত্র ডাকাতদল এই বাড়ির ভেতর ঢুকে পরপর কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়।
এ সময় কবির ও কামাল বাড়ির আশপাশেই ছিলেন বলে জানান।
তারা বলেন, তারা বাড়ির লোকজনের চিৎকার শুনে এগিয়ে গিয়ে বাইরে থেকে তালাবদ্ধ করে থানায় খবর দেন।
পুলিশ সুপার আমেনা বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পাঁচতলা বাড়ির দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থতলা থেকে ডাকাতরা গুলি ছোড়ে। এ সময় পুলিশও পাল্টা গুলি ছোড়ে।
সরজমিনে দেখা যায়, পুলিশ সুপার ও পৌরমেয়র কামরুজ্জামান কামরুল ঘটনাস্থলে পৌঁছে হ্যান্ডমাইকে ডাকাতদের আত্মসমর্পণ করার আহ্বান জানান।
পুলিশ সুপার বলেন, “পরে চার ডাকাত দুটি আগ্নেয়াস্ত্র ও বিপুলসংখ্যক গুলিসহ রাত ৯টায় পুলিশের কাছে আত্মসমর্পণ করে। অন্য ডাকাতরা লাফিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। আটক ডাকাতরা জানিয়েছে, তাদের সঙ্গে আরও ছয়-সাত ডাকাত ছিল।”
পুলিশ পালিয়ে যাওয়া ডাকতদের ধরার জন্য অভিযান শুরু করেছে বলে তিনি জানান।
