গরুর ট্রাকের চালক-হেলপারকে মারধর, টাকা ছিনতাই
ঢাকার সাভারে গরুর ট্রাকের চালক ও তার সহকারীকে মারধর করে দুর্বৃত্তরা নগদ টাকা ও মোবাইল ফোন লুটে নিয়েছে বলে পুলিশ জানিয়েছে।
বৃহস্পতিবার ভোরে ঢাকা-আরিচা মহাসড়কের শিমুলতলা এলাকায় এ ঘটনা ঘটে বলে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সুদীপ্ত শাহীন জানান।
আহত ট্রাক চালক পিন্টু মোল্ল্যা (২৯) ও তার সহকারী সেলিম মিয়াকে (২৩) প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
পিন্টু মোল্ল্যা বলেন, “রাতে যশোরের মনিরামপুর থেকে ২৬টি গরু নিয়ে রাজধানীর ধোলাইখালে একটি বাজারে নামিয়ে আবার গরু আনার উদ্দেশে রওনা দেই।
“ভোর আনুমানিক ৫টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের শিমুলতলা এলাকায় ট্রাকটি বিকল হলে তিন যুবক হেলপার সেলিম মিয়াকে ধারালো অস্ত্র দিয়ে জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে।
“পরে আমাদের মারধর করে নগদ ২১ হাজার টাকা ও দুটি মোবাইল ফোন লুট করে নিয়ে যায়।”
এসআই সুদীপ্ত বলেন, এ ঘটনা যারা ঘটিয়েছে তাদের মধ্যে দেলোয়ার ও কামরুল নামে দুই ছিনতাইকারীর নাম জানা গেছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
