কুমিল্লায় পূর্ব বিরোধে যুবককে পিটিয়ে হত্যা
কুমিল্লায় পূর্ব বিরোধের জেরে হাতুড়ি দিয়ে পিটিয়ে এক যুবককে প্রতিপক্ষ হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।
সদর দক্ষিণ থানার ওসি নজরুল ইসলাম জানান, বৃহস্পতিবার ভোরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত সফিউল্লাহ (২৫) উপজেলার বারপাড়া ইউনিয়নের রতনপুর গ্রামের হারুনুর রশীদের ছেলে এবং বারপাড়া ইউনিয়ন চেয়ারম্যান মো. সেলিম মিয়ার ভাতিজা।
এ ঘটনায় জড়িত সন্দেহে উপজেলার আমড়াতলী গ্রামের রফিকুল ইসলাম ও আবদুল ওয়াদুদ নামের দুইজনকে আটক করা হয়েছে বলে জানান ওসি।
সেলিম মিয়ার অভিযোগ, পূর্ব বিরোধের জেরে তার ভাতিজাকে হত্যা করা হয়েছে।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গত সপ্তাহে সফিউল্লাহর এক বন্ধুকে শিবপুর গ্রামের সরদার আবদুল বাকের ও জলিল মিলে মারধর করে। বুধবার সফিউল্লাহ ওই ঘটনার প্রতিবাদ করতে গেলে জলিল, তার স্ত্রী, ছোট ভাই ও বারেক মিলে তাকে হাতুড়ি দিয়ে পেটায়।
“গুরুতর অবস্থায় স্থানীয়রা তাকে কুমিল্লা মেডেকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।”
তবে ওসি নজরুল বলেন, বুধবার রাতে দুর্বৃত্তরা সফিউল্লার মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করেছে বলে স্থানীয়রা জানিয়েছে।
লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
