নরসিংদীতে পুলিশ হেফাজতে যুবকের মৃত্যু
নরসিংদীতে পুলিশ হেফাজতে এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার বেলা সাড়ে ৩টায় নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানান জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. সাইদুর রহমান।
মৃত মোহাম্মদ আলী (২৩) বেলাব উপজেলার মাটিয়াল পাড়া গ্রামের জহির উদ্দীনের ছেলে।
পুলিশ বলছে, তিনি মাদক বিক্রেতা ছিলেন। তবে পরিবারের দাবি আলী এয়ারটেল টাওয়ারের নিরাপত্তারক্ষী ছিলেন।
ওসি সাইদুর বলেন, গোপন খবরে বুধবার দুপুরে বেলাব বাজারের এয়ারটেল টাওয়ারের কাছে অভিযান চালিয়ে ১০০ ইয়াবাসহ পরোয়ানাভুক্ত আসামি মোহাম্মদ আলীকে গ্রেপ্তার করা হয়। পরে সে অসুস্থ্ হয়ে পড়লে জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
“সেখানে পুলিশ হেফাজতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।”
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সামসুর রহমান বলেন, চিকিৎসা দেওয়ার সময় তার খিচুনি শুরু হয় এবং এক পর্যায়ে মারা যায় ।
নিহতের মা হনুফা বেগম বলেন, “আলী এয়ারটেল টাওয়ারের সিকিউরিটি গার্ড ছিল। বেলা ২টার দিকে ডিবি পুলিশ তাকে ধরে পিটুনি দেয়। এতে অসুস্থ হয়ে পড়লে তাকে নিয়ে নরসিংদী চলে যায়।”
