২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় ঘুষ নেওয়ার অভিযোগে জরিপকারী গ্রেপ্তার

কাজ করে দেওয়ার বিনিময়ে ঘুষ গ্রহণের অভিযোগে বগুড়ার নন্দীগ্রাম উপজেলা ভুমি অফিসের এক জরিপকারীকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশিন কর্মকর্তারা।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2016, 06:45 PM

Updated : 20 Aug 2022, 01:37 PM

বুধবার দুপুরে মিজানুর রহমানকে গ্রেপ্তার করা হয়। ওই সময় তার কাছ থেকে ঘুষের টাকাও উদ্ধার করা হয় বলে কর্মকর্তারা জানান।

বগুড়া দুদকের উপ-পরিচালক আনোয়ারুল হক জানান, জমির খারিজ করার বিনিময়ে নন্দীগ্রাম ভুমি অফিসের কানুনগোর দায়িত্বে থাকা জরিপকারী (সার্ভেয়ার) মিজানুর রহমান ঠনঠনিয়ার পিয়াল চক্রবর্তী নামে এক ব্যক্তির কাছে ঘুষ দাবি করেন।

তিনি বলেন, বুধবার দুপুরে ওই ব্যক্তি ঘুষের চার হাজার টাকা দিতে ভুমি অফিসে যান। বেলা দেড়টার দিকে তিনি নিজে (আনোয়ারুল হক) ও সহকারী পরিচালক আমিনুল ইসলাম ঘুষ নেওয়ার সময় মিজানুর রহমানকে হাতেনাতে আটক করেন।

নন্দীগ্রাম থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, এ বিষয়ে নন্দীগ্রাম থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পরে গ্রেপ্তার মিজানুর রহমানকে হাজতে পাঠানো হয়েছে।