২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে সোহাগ হত্যায় ৫ জনের যাবজ্জীবন

নোয়াখালীতে দিনমজুর সোহাগ হত্যায় পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2016, 06:16 PM

Updated : 20 Aug 2022, 01:37 PM

বুধবার নোয়াখালীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ (দ্বিতীয়) এ এন এম মোর্শেদ খান এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন শহরের হরিনারায়ণপুর এলাকার আবু তাহের, সোহাগ আহমেদ, আবদুর রহমান, দ্বীন ইসলাম ও জামাল উদ্দিন।

এদের মধ্যে আবু তাহের ও জামাল উদ্দিন কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

একইসঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও তিন মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি ফজলুল কবির রুবেল।

এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় তিন আসামিকে খালাস দেওয়া হয়েছে।  

মামলার নথির বরাত দিয়ে এপিপি জানান, শহরের হরিনারায়ণপুর এলাকার আবদুল মন্নানের ছেলে দিনমজুর সোহাগ (১৮) একই এলাকার আকবর হোসেনের কাছে ৯০ টাকা পারিশ্রমিক পেত। ২০০৩ সালের ৪ অগাস্ট ওই টাকা আদায় করতে গিয়ে আকবর হোসেনকে মারধর করে সে।

“এ ঘটনা পর আকবরের সহযোগীরা সোহাগের বাড়িতে হামলা চালিয়ে তাকে পিটিয়ে ও বৈদ্যুতিক শক দিয়ে হত্যা করে।”

পরদিন সোহাগের বড় ভাই আবদুল কাইয়ুম বাদী হয়ে আট জনকে আসামি করে হত্যা মামলা করেন।