শিশু ধর্ষণ ও হত্যায় যুবকের মৃত্যুদণ্ড
কুষ্টিয়ায় দুই বছর আগে আট বছর বয়সী শিশুকে ধর্ষণ ও হত্যার দায়ে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
বুধবার কুষ্টিয়ার অতিরিক্ত দায়রা জজ রেজা মো. আলমগীর হাসান আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত তপন কুমার বিশ্বাস (২৪) শহরের আড়ুয়া এলাকার রবীন্দ্র কুমার বিশ্বাসের ছেলে।
রায়ে আসামিকে এক লাখ টাকা জরিমানাও করা হয়।
মামলার নথি থেকে জানা যায়, ২০১৪ সালের ২৮ মার্চ শহরের আড়ুয়া পাড়ার প্রতিবেশী তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের পর হত্যা করে তপন।
পরে মেয়েটির লাশ পাশের একটি গুদামঘরে ফেলে রাখে। পরদিন পুলিশ তার লাশ উদ্ধার করে।
নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের আইনজীবী আকরাম হোসেন দুলাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ ঘটনায় মেয়েটির বাবা বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় তপন কুমারকে একমাত্র আসামি করে মামলা করেন।
তদন্ত শেষে ওই বছররের ৬ জুন তপনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়।
