পাকিস্তানের খাসলত বদলায়নি: ইনু
পাকিস্তান এখনও সন্ত্রাস লালন ও রপ্তানি করছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
যুদ্ধাপরাধী জামায়াত নেতা মীর কাসেম আলীর মৃত্যুদণ্ড কার্যকরের পর পাকিস্তানের প্রতিক্রিয়ায় মন্ত্রী বলেছেন, পাকিস্তান বদলায়নি, তাদের খাসলত বদলায়নি, তারা এখনও সন্ত্রাস লালন ও রপ্তানি করছে।
মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় কুষ্টিয়ার মিরপুরে গোবিন্দপুর-তাঁতিবন্ধ সড়ক নির্মাণকাজ উদ্ধোধন শেষে তথ্যমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।
তিনি বলেন, আইনের বিধান অনুযায়ী আত্মস্বীকৃত চিহ্নিত যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে প্রকাশ্য আদালতে। সারাবিশ্ব ব্যাপারটিকে অভিনন্দন জানিয়েছে। পাকিস্তানসহ কতিপয় রাষ্ট্র এ ব্যাপারে বিভিন্ন রকম মন্তব্য ও বিবৃতি দিয়ে বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করেছে।
“যুদ্ধাপরাধী মীর কাসেম আলীর পক্ষে দরদ দেখিয়ে পাকিস্তান আবারও প্রমাণ করল, তারা গণহত্যা, গণনির্যাতন এবং যুদ্ধাপরাধের পুরোনো খাছিলত এখনও বদলায়নি। পাকিস্তান প্রমাণ করেছে, কাসেম আলী তাদের রক্তের ভাই, তাদের সম্পর্ক অটুট আছে, ফাটল ধরেনি। তারা এখনও গণহত্যা, একাত্তরের যুদ্ধ সম্পর্কে অনুতপ্ত নয়। সুতরাং বলা যায়, পাকিস্তান বদলায়নি, তাদের খাসলত বদলায়নি, তারা এখনও সন্ত্রাস লালন এবং রপ্তানি করছে।”
পাকিস্তানকে পৃথিবীর গণতন্ত্রের ক্লাবে থাকতে হলে ‘সন্ত্রাস লালন ও রপ্তানির বদঅভ্যাস’ পরিহার করতে হবে বলে মন্ত্রী মন্তব্য করেন।
তুরস্ক সম্পর্কে তিনি বলেন, তাদের মন্তব্য অনভিপ্রেত। তুরস্কের উচিত মন্তব্য করার আগে বাংলাদেশের ইতিহাস পড়ে নেওয়া। তাহলেই তারা ভুল তথ্যের ভিত্তিতে এ ধরনের মন্তব্য করা থেকে বিরত থাকতে পারবে।
মন্ত্রী সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপন প্রমুখ উপস্থিত ছিলেন।
