শেখ হাসিনার আগমন উপলক্ষে সেজেছে চিলমারী
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর উপলক্ষে নানা রঙে সেজেছে কুড়িগ্রামের চিলমারী।
বুধবার প্রধানমন্ত্রী চিলমারী উপজেলায় উদ্বোধন করবেন সারাদেশের ইউনিয়ন পর্যায়ের ‘হত দরিদ্রদের জন্য খাদ্য বান্ধব কর্মসূচি’।
এখান থেকে শুরু হবে হতদরিদ্রদের সামাজিক নিরাপত্তা কর্মসুচি: ‘শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ’। এ শ্লোগানে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় সারাদেশের ৫০ লাখ দরিদ্র পরিবার ১০ টাকা কেজিতে মাসে ৩০ কেজি করে চাল পাবে।
প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে কুড়িগ্রাম শহর থেকে চিলমারী উপজেলা পর্যন্ত ৩০ কিলোমিটার রাস্তায় তৈরি করা হয়েছে রঙ বেরঙের শত শত তোরণ। নানা শ্লোগান ও দাবি সম্বলিত ব্যানার টাঙ্গিয়ে দেওয়া হয়েছে।
হেলিকপ্টার অবতরণের জন্য চিলমারীর বাইরে কুড়িগ্রাম জেলা শহর ও উলিপুর উপজেলায়ও হ্যালিপ্যাড তৈরি করা হয়েছে।
ইতোমধ্যে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়ে ঢাকা হয়েছে হেলিকপ্টার অবতরণের স্থান থেকে সমাবেশস্থলের মঞ্চসহ আশপাশ এলাকা।
জেলা প্রশাসক খান মো. নুরুল আমিন জানান, অনুষ্ঠান নির্বিঘ্ন করতে কঠোর নিরাপত্তা বলয় তৈরি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার মোহাম্মদ তবারক উল্লাহ্।
জেলা খাদ্য নিয়ন্ত্রকের অফিস জানায়, কুড়িগ্রাম জেলায় মোট এক লাখ ২৫ হাজার ২৭৯টি পরিবার খাদ্যবান্ধব কার্ডের মাধ্যমে এই কর্মসূচির সুফল পাবে। এরই মধ্যে চিলমারীর আট হাজার ২১টি দরিদ্র পরিবারকে এই কার্ড দেওয়া হয়েছে। কুড়িগ্রাম সদরে ১৭ হাজার ৭২২টি, নাগেশ্বরীতে ২৪ হাজার ২০টি, ভুরুঙ্গামারীতে ১৩ হাজার ৯৮৫টি, ফুলবাড়ীতে ৯ হাজার ২৯৮টি, রাজারহাটে ১০ হাজার ৬০২টি, উলিপুরে ২৪ হাজার ২০৮টি, রৌমারীতে ১২ হাজার ৬৮৫টি ও রাজীবপুর উপজেলায় ৪ হাজার ৭৩৮টি কার্ড বিতরণ প্রক্রিয়াধীন রয়েছে।
চাল বিক্রির জন্য জেলায় ২৪৭ জন সম্ভাব্য ডিলারের মধ্যে ১২৬ জনকে ইতোমধ্যে নিযুক্ত করা হয়েছে।
চিলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত আলী সরকার বলেন, ঐতিহ্যবাহী চিলমারী বন্দরটি আবার চালু করলে এবং আন্তঃনগর ট্রেন চালু হলে ব্রহ্মপুত্রের ভাঙনে নিঃস্ব চিলমারীর মানুষের ভগ্যোন্নয়নে তা সুদূরপ্রসারী ভূমিকা রাখবে।
ব্রহ্মপুত্রের তীব্র ভাঙন ঠেকানোর জন্য পশ্চিম তীর সংরক্ষণ কাজ শুরুর দাবি জানান তিনি।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক মো. জাফর আলী বলেন, এর আগে প্রধানমন্ত্রী কুড়িগ্রামবাসীর অনেক দাবিই পূরণ করেছেন। এর মধ্যে বিশ্ববিদ্যালয়, অর্থনৈতিক অঞ্চল, দুধকুমার নদীর উপর সেতু বাস্তবায়নাধীন রয়েছে।
জনসভায় লক্ষাধিক মানুষের সমাগম ঘটবে বলে আশা করছেন তিনি।
প্রধানমন্ত্রীর কর্মসূচি:
বুধবার সকাল সাড়ে ৯টায় চিলমারী হেলিপ্যাডে নামবেন। এরপর সড়ক পথে থানাহাট পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সকাল সোয়া ১১টায় ভাষণ দেবেন। পরে আনুষ্ঠানিকভাবে ‘খাদ্য বান্ধব কর্মসুচি’র কার্ডধারী ১৫জন হতদরিদ্রের মাঝে ১০ টাকা কেজি দরে চাল বিতরণ করবেন।
অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী মো. কামরুল ইসলাম, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীরও থাকার কথা রয়েছে।
