সিরাজগঞ্জে ট্রাক উল্টে চালক ও সহকারীর মৃত্যু
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় চিনিবোঝাই একটি ট্রাক উল্টে চালক ও তার সহকারীর মৃত্যু হয়েছে।
উল্লাপাড়া থানার ওসি দেওয়ান কৌশিক আহম্মেদ জানান, সোমবার রাত সাড়ে ৩টার দিকে বগুড়া-নগরবাড়ি সড়কের পূর্ব দেলুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ট্রাক চালক আব্বাস আলী (৩৫) এবং তার সহযোগী সোহাগ (২২)। আব্বাস নাটোরের সিংড়া উপজেলার খেঁজুরতলা গ্রামের হোসেন মোহাম্মদের ছেলে। আর সোহাগ একই গ্রামের নূর মোহাম্মদের ছেলে।
ওসি বলেন, চিনি নিয়ে ট্রাকটি ঢাকা থেকে শাহজাদপুর যাচ্ছিল। মাঝপথে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি সওজ সেতুর রেলিংয়ের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়।
“এ সময় ট্রাকের ভেতর থেকে ছিটকে এসে ভেঙে পড়া রেলিং এর নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই আব্বাস ও সোহাগর মৃত্যু হয়।”
হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী জানান, দুর্ঘটনার পর ফায়ার সার্ভিস ও পুলিশের সহায়তায় নিহতদের লাশ উদ্ধার করা হয়।
নিহতদের লাশ ও চিনিসহ ট্রাক হাটিকুমরুল হাইওয়ে থানায় রাখা হয়েছে বলে জানান তিনি।
