২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘১৬ কোটি টাকা আত্মসাৎ’, কুমিল্লায় অডিটর গ্রেপ্তার

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পেনশনের ১৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে কুমিল্লা জেলা হিসাবরক্ষণ অডিটরকে গ্রেপ্তার করেছে দুদক।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2016, 12:33 AM

Updated : 20 Aug 2022, 01:37 PM

সোমবার দুপুরে অডিটর আবদুল বারেককে নিজ কার্যালয় থেকে গ্রেপ্তার করা হয় বলে জানান কুমিল্লা দুদকের উপ-পরিচালক কালাম আজাদ।

তিনি বলেন, আবদুল বারেক ২০০৫ থেকে ২০১১ সাল পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ায় জেলা হিসাবরক্ষণ অডিটর হিসেবে কর্মরত ছিলেন। সে সময় পেনশনের ১৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ২০১৫ সালের অক্টোবরে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় আব্দুল বারেকসহ ২২ জনের বিরুদ্ধে মামলা করা হয়।

“ওই মামলায় সোমবার তাকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে দুদক ওই মামলার আরও দুই আসামিকে গ্রেপ্তার করে।”

গ্রেপ্তারের পর বারেককে কুমিল্লা কোতোয়ালি থানায় দেওয়া হয়েছে বলে তিনি জানান।

কোতোয়ালি থানার ওসি আবদুর রব বলেন, দুদকের মামলায় আটক আবদুল বারেককে মঙ্গলবার সকালে আদালতে পাঠানো হবে।