রাষ্ট্রীয় মর্যাদায় আব্দুর রহিমের দাফন সম্পন্ন
মুজিবনগর সরকারের পশ্চিমাঞ্চলীয় জোনের চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য এম আব্দুর রহিমকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।
সোমবার দিনাজপুর সদর উপজেলার জালালপুরের পাঁচকুড় গ্রামে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়।
এর আগে সকাল ১০টায় সর্বস্তরের মানুষের শেষ শ্রদ্ধার জন্য মরদেহ দিনাজপুর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে নেওয়া হয়। সেখানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনসহ নানা শ্রেণিপেশার মানুষ শ্রদ্ধা জানায়।
এরপর গার্ড অব অনার দেওয়া হয়।
বেলা ১১টায় গোর-এ শহীদ ময়দানে হাজার হাজার মানুষের অংশগ্রহণে নামাজে জানাজা হয়।
জানাযায় তার দুই ছেলে সুপ্রিম কোর্টের বিচারপতি এম. এনায়েতুর রহিম ও জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিমসহ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসান, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরীসহ বিভিন্ন রাজনৈতিক, পেশাজীবী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ছাড়াও সর্বস্তরের মানুষ অংশ নেন।
পরে মরদেহ নেওয়া হয় তার গ্রামের বাড়ি জালালপুরের পাঁচকুড় গ্রামে। সেখানে দুপুর ২টায় আরও দুদফা জানাজা হয়।
বার্ধক্যজনিত কারণে এম. আব্দুর রহিম ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার বেলা ১১টা ২০ মিনিটে মারা যান।
