টঙ্গীতে ৫ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার
টঙ্গীতে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার খৈরতুল এলাকায় ধর্ষণের ঘটনার অভিযোগ পেয়ে রাতেই নাজমুল (১৮) নামের ওই যুবককে গ্রেপ্তার করা হয় বলে টঙ্গী থানার এসআই আশরাফুল ইসলাম জানান।
নাজমুল স্থানীয় দেলোয়ার হোসেনের ছেলে।
ধর্ষণের শিকার শিশুটির স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এসআই আশরাফুল বলেন, শিশুটির বাবা ঝালমুড়ি বিক্রি করেন। শনিবার ভাইয়ের সঙ্গে বাবার কাছ থেকে ঝালমুড়ি নিয়ে ফিরছিল সে।
“পথে ভাইকে কৌশলে বাড়ি পাঠিয়ে নাজমুল শিশুটিকে নিজের বাড়িতে নিয়ে মুখ বেঁধে ধর্ষণ করে।
“শিশুটি কান্নাকাটি শুরু করলে নাজমুল তাকে ভয় দেখিয়ে বাড়ি থেকে বের করে দেয়।”
পরে ঘটনা জেনে শিশুটির বাবা থানায় লিখিত অভিযোগ করলে নাজমুলকে গ্রেপ্তার করা হয় বলে জানান এসআই আশরাফুল।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাজমুল ধর্ষণের কথা স্বীকার করেছেন বলে তিনি জানান।
