২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সব ছাত্র সংসদের নির্বাচন দাবি ছাত্রলীগ সম্পাদকের

ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়েছেন ছাত্রলীগ কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2016, 12:45 AM

Updated : 20 Aug 2022, 01:36 PM

শনিবার কক্সবাজারে এক অনুষ্ঠানে তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ছাত্র সংসদ অচল থাকায় শিক্ষার্থীদের মধ্যে জ্ঞানভিত্তিক সৃজনশীল কর্মকাণ্ড চর্চা ব্যাহত হচ্ছে। এর ফলে গণতান্ত্রিকতা চর্চার সুযোগ না থাকায় শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেমের বন্ধ্যাত্ব সৃষ্টি হয়েছে।

দিকভ্রান্ত অনেকে কথিত জিহাদের নামে জঙ্গিবাদী তৎপরতায় জড়িয়ে পড়েছেন বলেও তিনি মন্তব্য করেন।

এর থেকে শিক্ষার্থীদের বাঁচাতে ছাত্র সংসদগুলোর নির্বাচন অনুষ্ঠানের দাবি জানান তিনি। 

স্থানীয় একটি আবাসিক হোটেলে ‘জ্ঞানভিত্তিক ছাত্র রাজনীতি: বঙ্গবন্ধু থেকে শেখ হাসিনা’ শীর্ষক রাজনৈতিক প্রশিক্ষণ কর্মশালা ও বর্ধিত সভা উপলক্ষে কক্সবাজার জেলা ছাত্রলীগ আয়োজিত মিট দ্যা প্রেস অনুষ্ঠানে তিনি বক্তব্য রাখেন।

ছাত্র সংসদগুলোর নির্বাচন না হওয়ার জন্য শিক্ষা প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দুর্ভিসন্ধিমূলক অবস্থানকে দায়ী করে এসএম জাকির বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি ও সৃজনশীল মেধার বিকাশে ছাত্রলীগ বরাবরই ছাত্র সংসদ নির্বাচনের পক্ষে। সংগঠনের পক্ষ থেকে নানা সময়ে এ ব্যাপারে দাবি জানানো হয়েছে।

তিনি বলেন, জ্ঞানভিত্তিক ছাত্র রাজনীতি চর্চায় ছাত্রলীগ গত ২০০৩ সালে টুঙ্গিপাড়ায় এ ধরনের প্রশিক্ষণ কর্মশালার কর্মসূচি শুরু করে। তারই ধারাবাহিকতায় ৪ ও ৫ সেপ্টেম্বর কক্সবাজারে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে। আগামীতে পর্যায়ক্রমে জেলায় জেলায় তা আয়োজন করা হবে।

মিট দ্যা প্রেস অনুষ্ঠানে লিখিত বক্তব্যে জেলা ছাত্রলীগের সভাপতি ইসতিয়াক আহমদ জয় বলেন, ৪ ও ৫ সেপ্টেম্বর কক্সবাজার শহরের হোটেল সী-প্যালেস কনফারেন্স হলে জেলা ছাত্রলীগের উদ্যোগে আয়োজিত এ রাজনৈতিক প্রশিক্ষণ কর্মশালা ও বর্ধিত সভায় ৩৪৩টি সাংগঠনিক ইউনিটের এক হাজারের বেশি নেতা-কর্মী অংশগ্রহণ করবেন।

তিনি জানান, প্রশিক্ষণ কর্মশালায় ছাত্রলীগের প্রাক্তন ও বর্তমান নেতারা ছাড়াও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিসি মিজানুর রহমান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি মনজুরুল আহসান বুলবুল প্রশিক্ষক হিসেবে উপস্থিত থাকবেন।

এছাড়া ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিশিষ্ট কলামনিস্ট আবদুল গফফার চৌধুরী প্রশিক্ষক থাকবেন বলেও তিনি জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সাবেক সহসভাপতি প্রশান্ত ভূষণ বড়ুয়া ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরুল হাসান রাশেদ।