জঙ্গিদের মানবাধিকার কিসের: আইজিপি
যারা জঙ্গিদের মানবাধিকারের কথা বলে তারা দেশে আরও জঙ্গি হামলা চায় বলে মন্তব্য করেছেন মহাপুলিশ পরিদর্শক একেএম শহীদুল হক।
শনিবার রাজশাহীতে এক জঙ্গিবাদ বিরোধী সমাবেশে তিনি বলেন, জঙ্গিদের আবার মানবাধিকার কিসের? যারা জঙ্গিদের মানবাধিকারের কথা বলে তারা চায় সরকারকে বেকায়দায় ফেলতে দেশে আরও জঙ্গি হামলা হোক।
“জঙ্গিদের দয়া করে, চুমা দিয়ে, আদর করে গ্রেপ্তার করা যাবে না। কারও কথাবর্তায় বা কর্মকাণ্ডে যদি জঙ্গির গন্ধ পেলে আইনশৃংখলা বাহিনীকে গোপনে জানান। সময়মতো ব্যবস্থা নেওয়া হবে।”
বাংলাদেশে জঙ্গি দমনে পুলিশের সাফল্য বিশ্বে মডেল হতে পারে দাবি করে আইজিপি বলেন, “আমরা জনগণকে সঙ্গে নিয়ে জঙ্গিদের বিরুদ্ধে কাজ করছি। জঙ্গিদের বিরুদ্ধে গণজাগরণ সৃষ্টি হয়েছে।”
একটি মহল পুলিশের কার্মকাণ্ড ও পুলিশের জঙ্গি বিরোধী সাফল্যকে বিতর্কিত করতে নানা রকম কথাবার্তা বলছে বলে অভিযোগ করে তিনি বলেন, জঙ্গিদের গ্রেপ্তার করা সহজ ব্যাপার নয়। জঙ্গিরা গ্রেপ্তার হতে চায় না। তারা আত্মঘাতি। তারা প্রস্তুতি নিয়ে থাকে- ‘আমরা মারব এবং মরব’।
“চোর ডাকাতের মতো জঙ্গিদের ধরা যায় না। তারা নিজেরাই বলে, আমরা মরব, জান্নাতে যাব, যাদের মারব, তারা জাহান্নামে যাবে।”
জঙ্গিবাদ থেকে যারা ফিরে আসতে চান তাদের হয়রানি করা হবে না বলে নিশ্চিয়তা দিয়ে আইজিপি বলেন, ইহুদিরা অর্থ ও অস্ত্র দিয়ে আইএস সৃষ্টি করেছে ইসলামকে ধ্বংস করার জন্য। এ বিষয়টি সবাইকে বুঝতে হবে, জঙ্গিদের বিরুদ্ধে দুর্গ গড়ে তুলতে হবে। প্রতিটি পাড়া, মহল্লায়, প্রতিটি প্রতিষ্ঠানে জঙ্গিদের বিরুদ্ধে দুর্গ গড়ে তুলতে হবে।
“আগে দেশ ও প্রিয় জন্মভূমিকে বাঁচাতে হবে, জনগণকে বাঁচাতে হবে। তারপর রাজনীতি। দেশের স্বার্থেই রাজনীতি, জনগণের স্বার্থেই রাজনীতি। সব বিষয়েই বিরোধিতা করলে হবে না,” বলেন আইজিপি।
আইজিপি একেএম শহীদুল হক আরও বলেন, “গুলশান, কল্যাণপুর ও নারায়ণগঞ্জে আমরা জঙ্গিদের অনেক সময় দিয়েছি। কিন্তু তারা আত্মসমর্পণ করেনি। উল্টো পুলিশকে বোমা মেরেছে, গুলি করেছে। পরে বাধ্য হয়ে তাদের বিরুদ্ধে অপারেশন চালাতে হয়েছে। এতে পুলিশেরও ক্ষয়ক্ষতি হয়েছে।”
দুপুরে রাজশাহী পুলিশ লাইন্স মাঠে কমিউনিটি পুলিশিং এবং জঙ্গিবাদ বিরোধী এ মহাসমাবেশে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর পুলিশের কমিশনার শফিকুল ইসলাম।
সমাবেশে রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা, রাজশাহীর সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, বিভাগীয় কমিশনার আব্দুল হান্নান, রাজশাহী রেঞ্জের ডিআইজি খোরশেদ হোসেন, র্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুবুর আলম, বিজিবি-১ এর অধিনায়ক লে. কর্নেল শাহজাহান সিরাজ, মহানগর কমিউনিটি পুলিশিং এর আহ্বায়ক আব্দুল খালেক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল আলম বেন্টু প্রমূখ বক্তব্য রাখেন।
