নেত্রকোণায় মাটি খুঁড়ে মিলল গলিত লাশ
নেত্রকোণার দুর্গাপুরে মাটি খুঁড়ে একটি গলিত লাশ করেছে পুলিশ, সন্দেহবশত আটক করা হয়েছে এক যুবককে।
শনিবার বেলা সোয়া ১২টার দিকে উপজেলার কাপাসাটিয়া শ্মশানঘাট এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয় বলে দুর্গাপুর থানার ওসি খান হুমায়ুন কবীর জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, দুপুরে শ্মশানঘাট এলাকায় মানুষের মাথার চুল পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে মাটি খুঁড়ে লাশটি উদ্ধার করে।
“লাশের শরীরের বেশির ভাগ অংশ গলে গেছে। ফলে সেটা নারী না পুরুষের লাশ তা বোঝা সম্ভব হয়নি।”
ওসি জানান, লাশ তোলার সময় ঘটনাস্থলে উপস্থিত এক যুবক হঠাৎ দৌঁড়ে পালানোর চেষ্টা করলে সন্দেহভাজন হিসাবে তাকে আটক করা হয়।
আটক এনামুল হকের (২৫) বাড়ি উপজেলার কাপাসাটিয়া গ্রামে।
লাশটি ময়নাতদন্তের জন্যে নেত্রকোণা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
