বগুড়ায় নাপিতের গলা কাটা লাশ উদ্ধার
বগুড়ার একটি ধান ক্ষেতের ড্রেন থেকে এক নাপিতের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার বেলা ১১টার দিকে শহরের ঝোপগাড়ী হাজিপাড়া এলাকার ওই ড্রেন থেকে লাশটি উদ্ধার করা হয় বলে বগুড়া উপ-শহর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (টিএসআই) আব্দুল আজিজ জানান।
নিহত হরিদাসের (৩৫) বাড়ি নওগাঁর রানীনগরে। বগুড়া শহরের বড় কুমিড়া হিন্দুপাড়া এলাকায় থাকতেন তিনি। পাশের ধরমপুর এলাকায় তার সেলুন।
টিএসআই আজিজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সেলুনে কাজ শেষে শুক্রবার রাতে বাড়ি ফেরেননি হরিদাস। রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তাকে জবাই করে ধান ক্ষেতের ড্রেনে ফেলে যায় বলে ধারণা করা হচ্ছে।
ময়না তদন্তের জন্য হরিদাসের মরদেহ বগুড়া মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে জানিয়ে তিনি বলেন, হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি; ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।
