প্রতিবন্ধী ভিক্ষুককে দলবেঁধে ধর্ষণের পর নদীতে ‘নিক্ষেপ’
মাদারীপুরের শিবচর উপজেলায় শারীরিক প্রতিবন্ধী এক ভিক্ষুককে দলবেঁধে ধর্ষণের পর নদীতে ফেলে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার সকালে উপজেলার ময়নাকাটা নদীর কুচরিপানা থেকে উদ্ধার করে তাকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. মাহফুজুর রহমান বলেন, তাকে অচেতন অবস্থায় সকালে এক ভ্যানচালক হাসপাতালে নিয়ে আসেন।
“পরে তিনি নার্সের কাছে বলেছেন, বৃহস্পতিবার রাতে পাচ্চর-শিবচর রাস্তার পাশে হাশেম মুন্সি সেতুর কাছে ব্যঙ্গচোরা এলাকার একটি বাগানে নিয়ে চার-পাঁচ যুবক তাকে ধর্ষণ করে। পরে তারা তাকে ময়নাকাটা নদীর কুচরিপানার মধ্যে ফেলে দেয়।”
শিবচর থানার ওসি মো. জাকির হোসেন মোল্লা বলেন, ডাক্তারি পরীক্ষা শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়রা জানান, এই নারী তিন সন্তানের জননী। সাভারের তার স্বামীর বাড়ি। শিবচর উপজেলায় তার বাবার বাড়ি। তিন-চার বছর আগে সড়ক দুর্ঘটনায় তার ডান পা কাটা পড়ে। তখন থেকে তিনি শিবচর উপজেলার বিভিন্ন এলাকায় ভিক্ষা করে জীবিকা নির্বাহ করেন।
