২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তলুইগাছা সীমান্তে ১৬ কেজি স্বর্ণ উদ্ধার, আটক ১

সাতক্ষীরা সদরের তলুইগাছা সীমান্তে ১৬ কেজি ৩১৮ গ্রাম ওজনের স্বর্ণের বারসহ এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2016, 04:45 PM

Updated : 11 Oct 2022, 08:40 PM

শুক্রবার দুপুরে আটক আলিউজ্জামান কলারোয়া উপজেলার কেড়াগাছির শফিকুল ইসলামের ছেলে।

বিজিবির তলুইগাছা ক্যাম্প অধিনায়ক সুবেদার আবুল কাসেম জানান, বেলা ১২টার দিকে সদর উপজেলার তলুইগাছা বিজিবি ক্যাম্পের সামনে টহলরত হাবিলদার আকরাম হোসেনসহ বিজিবি সদস্যরা একটি মোটরসাইকেল থামিয়ে চালকসহ ক্যাম্পে নিয়ে যান।

“পরে মোটরসাইকেলটির টুলবক্স, সিটসহ বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১৬ কেজি ৩১৮ গ্রাম স্বর্ণের বার উদ্ধার করা হয়। এসময় বিজিবি স্বর্ণ চোরাকাবারী আলিউজ্জামানকে আটক করে।”

উদ্ধার হওয়া স্বর্ণের বারের বাজার মূল্য প্রায় ছয় কোটি ৩৪ লাখ টাকা বলে জানান তিনি।

“আটক আলিউজ্জামান বিজিবিকে জানিয়েছেন যে, তিনি এই সোনার বাহক মাত্র। কলারোয়ার কেড়াগাছির সোনা চোরাচালানি মহিদুল মেম্বার, রুস্তম আলি ও ফিরোজ হোসেন তার কাছে সকালে এই সোনা ভারতে পার করে দেওয়ার জন্য দিয়েছেন।”

বিজিবি কর্মকর্তা বলেন, আলিউজ্জামান এই সোনা কেড়াগাছি ঘাটে নিয়ে যাওয়ার পর তার স্ত্রী নদীতে ‘গোসল করার ছলে’ ভারতের তারালির সোনা চোরাকারবারি তাপসের স্ত্রীর হাতে তুলে দেওয়ার কথা ছিল।

এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে বিজিবি জানিয়েছে।