শেরপুরে হাতির আক্রমণে কৃষকের মৃত্যু
শেরপুরের শ্রীবরদীতে বন্য হাতির আক্রমণে এক কৃষকের মৃত্যু হয়েছে।
শ্রীবরদী থানার ওসি এস আলম জানান, শুক্রবার ভোর ৪টার দিকে শ্রীবরদীর সীমান্তবর্তী জুলগাঁও গ্রামে এ ঘটনায় দুদু মিয়া (৫০) নামের ওই কৃষকের মৃত্যু হয়।
ওসি আলম বিডিনিউজ টোয়োন্টফোর ডটকমকে জানান, সীমান্ত এলাকা হওয়ায় আশপাশের পাহাড় থেকে হাতি ঢুকে প্রায়ই জুলগাঁও গ্রামে আক্রমণ করে। হাতির আক্রমণ ঠেকাতে স্থানীয়রা রাতে পালা করে পাহারা দেন।
বৃহস্পতিবার রাতে দুদু মিয়া গ্রামের একটি ধান ক্ষেত পাহারা দিচ্ছিলেন। এক পর্যায়ে তিনি ক্ষেতের টং ঘরে ঘুমিয়ে পড়েন।
“ভোর ৪টার দিকে একদল হাতি ওই টং ঘরে আক্রমণ করলে ঘটনাস্থলেই দুদু মিয়ার মৃত্যু হয়।”
শুক্রবার সকালে স্থানীয় এক কৃষক ধান ক্ষেতের ভেতর দুদু মিয়ার লাশ দেখতে পান।
এ ঘটনায় শ্রীবরদী থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে জানান ওসি।
শেরপুরের জেলা প্রশাসক এএম পারভেজ রহিম জানান, বন্যহাতির দলটি এখনও শ্রীবরদী সীমান্তবর্তী পাহাড়ে অবস্থান করছে। তাদের গতিবিধির ওপর নজর রাখা হচ্ছে।
