বরিশাল কৃষি ইনস্টিটিউটের বেতনের টাকা ‘ছিনতাই’
অস্ত্রের মুখে জিম্মি করে বরিশাল কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের কর্মকর্তা-কর্মচারীদের বেতনের টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার বিকেলে বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর এলাকায় এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেন ইনস্টিটিউটের অধ্যক্ষ শঙ্কর চন্দ্র ভৌমিক।
তিনি বলেন, সোনালী ব্যাংকের খানপুরা শাখা থেকে ইনস্টিটিউটের কর্মকর্তা-কর্মচারীদের বেতনের ১১ লাখ ৫২ হাজার টাকা উত্তোলন করে নিজস্ব পরিবহনে করে আসছিলেন হিসাবরক্ষক ইয়াসিন হাওলাদার ও অফিস সহকারী কাম ক্যাশিয়ার আ. ছত্তারসহ চারজন।
“গাড়িটি ইনস্টিটিউটের কাছাকাছি পৌঁছাতেই চার মোটরসাইকেলে করে সাত-আটজন মুখোশধারী এসে গাড়ির গতিরোধ করে আকস্মিক ভাংচুর শুরু করে অস্ত্রের মুখে টাকার ব্যাগ ছিনিয়ে নেয়।”
বরিশাল মহানগর পুলিশের বিমান বন্দর থানার ওসি আনোয়ার হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি খতিয়ে দেখছে।
