২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাগড়াছড়ি শিক্ষা অফিসে কর্মচারীকে মারধর ‘আ. লীগ নেতার’ 

‘ফোন না ধরায়’ খাগড়াছড়ি প্রাথমিক শিক্ষা অফিসে ঢুকে এক কর্মচারীকে পেটানোর অভিযোগ উঠেছে স্থানীয় এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে।

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2016, 07:37 PM

Updated : 20 Aug 2022, 01:34 PM

জেলা প্রাথমিক শিক্ষা অফিসে বুধবার বিকালে এ ঘটনা ঘটে বলে সংশ্লিষ্টরা জানান।

শিক্ষা অফিসের কম্পিউটার অপারেটর মো. জাহাঙ্গীর আলমকে সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

জাহাঙ্গীর আলম বলেন, বুধবার বেলা ১১টার দিকে খাগড়াছড়ি সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চন্দন দে তাকে (জাহাঙ্গীর) মোবাইলে ফোন করেন। ওই সময় তিনি জেলা পরিষদে একটি ট্রেনিংয়ে ব্যস্ত থাকায় ফোন ধরতে পারেননি।

“এতে ক্ষিপ্ত হয়ে বিকাল ৪টায় চন্দন কুমার দে দলীয় লোকজন নিয়ে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে প্রবেশ করে অকথ্য ভাষায় গালাগাল করতে থাকেন এবং আমাকে ধরে টানাহেঁচড়া করেন। ওই সময় আমার শার্ট ছিঁড়ে যায় এবং আমি গলায় আঘাত পাই।”

বিষয়টি তিনি খাগড়াছড়ির সাংসদ সদস্য, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে জানিয়েছেন বলে জানান।

জেলা প্রাথমিক অফিসের ক্যাশিয়ার মাহবুব আহম্দ বলেন, “সরকারি অফিসে প্রবেশ করে অফিস চলাকালে দলীয় পরিচয় দিয়ে হামলা ও মারধরের ঘটনার সঠিক বিচার চাই।”

খাগড়াছড়ি সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চন্দন দের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি সাংবাদিক পরিচয় পেয়ে ক্ষিপ্ত হয়ে উঠে বলেন, “আপনাকে কে বলেছে? জাহাঙ্গীর? এ ধরনের কোনো ঘটনা হয়নি।”

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মেহের আফরোজ ইয়াছমিন বলেন, “বর্তমানে আমি সরকারি কাজে জেলার বাইরে আছি। আমি বিষয়টি অবগত হয়েছি। স্থানীয় সাংসদ সদস্যের সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে।”