বিএনপির মিছিলে ‘লাঠিপেটা’, আটক ৪
নারায়ণগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিলে পুলিশের লাঠিপেটার অভিযোগ করেছেন দলের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার শহরের ডিআইটি বাণিজ্যিক এলাকায় এ ঘটনা ঘটে।
পরে পুলিশ মহানগর ছাত্রদলের যুগ্ম আহবায়ক রশিদুর রহমান রুশো, কাওসার হোসেন, জনি ও মাসুদকে আটক করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১০টার দিকে ডিআইটি বাণিজ্যিক এলাকা থেকে মহানগর যুবদলের আহবায়ক মাকসুদুল আলম খন্দকার খোরশেদের নেতৃত্বে মিছিল বের হয়।
আলোচনায় বক্তব্য রাখেন বিএনপি নেতা আনোয়ার হোসেন, বদরুল আলম খসরু, জামাল উদ্দিন কালু, অ্যাডভোকেট ভাসানী প্রমুখ।
তৈমুর আলম খন্দকারের অভিযোগ, মিছিল চলাকালে পুলিশ বাধা দেয়। এসময় পুলিশ মিছিলকারীদের ব্যানার ও ফেস্টুন ছিনিয়ে নেয়।
“পুলিশ আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে বেপরোয়া লাঠিচার্জ করেছে। মিছিল থেকে চার জনকে আটক করেছে।”
তিনি অবিলম্বে আটকদের মুক্তি দাবি করে দায়ী পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি মো. আসাদুজ্জামান মিছিল থেকে চার জনকে আটক করার কথা নিশ্চিত করেছেন।
