কুমিল্লায় যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ৭
কুমিল্লার মনোহরগঞ্জে একটি বিয়ের অনুষ্ঠানে স্থানীয় এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় পুলিশ সাত জনকে গ্রেপ্তার করেছে।
বুধবার রাতে উপজেলার কাসই গ্রামে এ ঘটনা ঘটে বলে মনোহরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শামসুজ্জামান জানান।
নিহত আহসান হাবিব হিটু (৩০) উপজেলার হাসনাবাদ ইউনিয়নের কাসই গ্রামের আব্দুর রহমানের ছেলে। তিনি ইউনিয়ন যুবলীগের সদস্য। এলাকায় তার একটি মুদি দোকান রয়েছে।
আটককৃতদের মধ্যে রয়েছেন একই গ্রামের আজিমউল্লাহর ছেলে আরিফ, আবু সাঈদের ছেলে আনোয়ার ও মোর্শেদ। বাকিদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।
হিটুর মা শামছুন নাহার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাতে স্থানীয় এক বাড়িতে বিয়ের অনুষ্ঠানে যায় হিটু। ওই অনুষ্ঠানে তার প্রতিপক্ষ আরিফ, আনোয়ার ও মোর্শেদও উপস্থিত ছিল।
“অনুষ্ঠান চলার মধ্যেই পূর্ব বিরোধের নানা বিষয় নিয়ে হিটুর সঙ্গে প্রতিপক্ষের লোকজনের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আরিফ, আনোয়ার ও মোর্শেদসহ তাদের দলের লোকজন হিটুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে জখম করে পালিয়ে যায়।”
গুরুতর অবস্থায় লাকসাম হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক হিটুকে মৃত ঘোষণা করেন বলে শামছুন নাহার জানান।
ওসি শামসুজ্জামান বলেন, রাজনৈতিক বিরোধ নয়, ব্যক্তিগত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। এ ঘটনায় মামলার পর রাতেই সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।
