বাগেরহাটে ট্রলার থেকে নদীতে পড়ে কিশোরের মৃত্যু
বাগেরহাট সদরে মাছ ধরতে গিয়ে ট্রলার থেকে নদীতে পড়ে এক কিশোরের মৃত্যু হয়েছে।
মৃত নাজমুল মোল্লা (১৩) সদর উপজেলার গোটাপাড়া ইউনিয়নের দেপাড়া গ্রামের জাহাঙ্গীর মোল্লার ছেলে।
ওই ইউনিয়নের কেশবপুর গ্রামের কাছে ভৈরব নদীতে বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে বলে বাগেরহাট সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মুশফিকার শামস মেনন জানিয়েছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, সকাল সাড়ে ৬টার দিকে দেপাড়া গ্রামের ৫/৬ জন ট্রলারে করে ভৈরব নদীতে মাছ ধরতে যায়।
“এক পর্যায়ে নাজমুল ট্রলার থেকে পড়ে গিয়ে স্রোতে ভেসে কেশবপুর গ্রামে স্লুইস গেটের কাছে পেতে রাখা জালে আটকে যায়।”
অচেতন অবস্থায় তাকে হাসপাতালে নেওয়ার পর মৃত ঘোষণা করা হয় বলে চিকিৎসক মুশফিকার জানান।
