খুলনায় ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
খুলনা শহরে ছাত্রলীগের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।
নিহত সৈকত রোহান ছাত্রলীগের খুলনা মহানগর শাখার বিগত কমিটির নির্বাহী সদস্য ছিলেন বলে বর্তমান কমিটির সাধারণ সম্পাদক এস এম আসাদুজ্জামান রাসেল জানিয়েছেন।
খুলনা সদর থানার পরিদর্শক (তদন্ত) খন্দকার ফরিদুল হক জানান, বুধবার রাত ১১টার দিকে রোহান মটরসাইকেলে যাওয়ার সময় নগরীর পিটিআই মোড়ের কাছে আহসান আহমেদ সড়কে একটি রেস্তোরাঁর সামনে সন্ত্রাসীরা তার গতিরোধ করে।
পরে তারা তাকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত অবস্থায় ফেলে যায়। পথচারী ও স্থানীয়রা রোহানকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রোহান সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজের ছাত্র ছিলেন জানিয়ে ছাত্রলীগ নেতা রাসেল বলেন, এখনও তিনি সেখানকার ছাত্র আছেন কি না তা তার জানা নেই।
এ ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করা যায়নি জানিয়ে পুলিশের খুলনা সদর জোনের সহকারী কমিশনার কনক কুমার দাস বলেন, “কে বা কারা হামলা চালিয়ে সৈকত রোহানকে হত্যা করেছে সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু জানা যায়নি। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কাউকে পাওয়া যায়নি।”
ঘটনার পর ওই এলাকার সব দোকানপাট বন্ধ হয়ে এলাকাটি জনশূন্য হয়ে পড়ে জানিয়ে তিন বলেন, “সে কারণে কারও কাছ থেকে কোনো তথ্য পাওয়া যায়নি। তবে হত্যাকাণ্ডের বিষয়ে বিভিন্ন তথ্য সংগ্রহের কাজ এবং সন্ত্রাসীদের গ্রেপ্তারে জোর চেষ্টা চালানো হচ্ছে।”
