গোপালগঞ্জে দুর্গা মন্দিরে হাতবোমা বিস্ফোরণ
আসন্ন দুর্গা পূজার প্রস্তুতির মধ্যে গোপালগঞ্জের কোটালীপাড়ায় স্থানীয় এক মন্দিরে হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত না হলেও কয়েকটি মূর্তি ভেঙেছে।
মঙ্গলবার রাত আড়াইটার দিকে উপজেলার দেবগ্রাম সার্বজনীন দুর্গা মন্দিরে এ ঘটনা ঘটে বলে মন্দির কমিটির সভাপতি সুভাষ বসু জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে সুভাষ বসু বলেন, গভীর রাতে মন্দিরের সিড়িতে প্রচণ্ড শব্দে হাত বোমার বিস্ফোরণ ঘটে। এতে মন্দিরের মূর্তি ও টিনের চালের বেড়ার ক্ষয়-ক্ষতি হয়েছে। তবে কেউ আহত হয়নি।”
এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে বলে জানান তিনি।
দেবগ্রাম ঊমাচরণ-পূর্ণচরণ সার্বজনীন উচ্চ বিদ্যালয়ের হোস্টেলের শিক্ষক সহদেব বিশ্বাস বলেন, “রাতে বিকট শব্দ শুনে আমি মন্দিরের কাছে যাই; সেখানে প্রচুর ধোঁয়া দেখতে পাই। মন্দিরের সামনে কিছু জায়গায় আগুনের ফুলকিও দেখা যায়।”
মন্দিরে পুলিশ পাহারা বসানো হয়েছে
তবে কে বা কারা এ হামলার করেছে তা দেখেননি বলে সহদেব জানান।
দেবগ্রামের অতুল প্রসাদ বিশ্বাস বলেন, “বিস্ফোরণের পরই ঘটনাস্থলে গিয়ে দেথতে পাই মন্দিরের অঙ্গিনাসহ অন্যান্য স্থানে লোহার বলের মতো স্প্লিন্টার ছড়িয়েছিটিয়ে পড়ে আছে।”
দেবগ্রামের সুপ্রকাস বসু বলেন, “আমরা এখানে মুসলমান, হিন্দু ও খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ শান্তিপূর্ণভাবে থাকছি। প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকায় নাশকতা, ত্রাস তৈরি বা আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে এ ধরনের ঘটনা ঘটানো হয়েছে কি না তা খতিয়ে দেখার জন্য পুলিশ ও প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি।”
তিনি বলেন, এলাকায় দুটি পক্ষের মধ্যে স্থানীয় একটি স্কুলসহ নানা বিষয় নিয়ে দ্বন্দ্ব চলছে। এলাকায় ভীতি সৃষ্টির জন্য তাদের মধ্যে কেউ এ ধরনের ঘটনা ঘটিয়েছে কি না তদন্তের সময় মাথায় সেটিও নজরে রাখা হবে।
ঘটনাস্থল পরিদর্শন করে গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. খলিলুর রহমান বলেন, “শুধু সংবাদ তৈরির জন্য এ ঘটনা ঘটানো হয়েছে বলে আমার ধারণা।”
এতে আতংকিত হওয়ার কিছু নেই উল্লেখ করে এলাকাবাসীকে যে কোনো নাশকতা মোকাবিলায় প্রস্তুত থাকার আহবান তিনি।
