২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় অস্ত্র মামলায় ২ জন দণ্ডিত

অবৈধ আগ্নেয়াস্ত্র রাখার দায়ে খুলনার একটি সাইবার ক্যাফের মালিক ও তার কর্মচারীকে অস্ত্র আইনের পৃথক দুটি ধারায় ১৪ ও সাত বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2016, 08:55 PM

Updated : 20 Aug 2022, 01:33 PM

মঙ্গলবার খুলনা মহানগর দায়রা জজ অরূপ কুমার গোস্বামী আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে এপিপি কামরুল হোসেন জোয়ার্দ্দার জানান।

উভয় দণ্ড একই সঙ্গে চলবে বলে রায়ে উল্লেখ করা হয়েছে।

দণ্ডপ্রাপ্তরা হলেন নগরীর আর এস এস সাইবার ক্যাফের মালিক এবং পূর্ব বানিয়াখামার কমিশনার গলির বাসিন্দা সরদার নাজির উদ্দিনের ছেলে শফিকুল ইসলাম (২৫) ও মুসলমানপাড়ার শেখ মুনছুর রহমানের ছেলে কর্মচারী শেখ এহসান ওরফে বিজয় (২০)।

মামলার বরাত দিয়ে কামরুল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২০১৩ সালের ২ অগাস্ট আর এস এস সাইবার ক্যাফের মধ্যে তাপস কুমার বিশ্বাস (১৮) ও নাফিস সাদাত তাকিক (১৮) নামের দুই ব্যক্তিকে আটকে রেখে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করার খবরে সেখানে অভিযান চালায় পুলিশ।

“এ সময় পুলিশের উপস্থিতিতে টের পেয়ে শফিকুল পালিয়ে যান।পরে ওই ক্যাফেতে তল্লাশি চালিয়ে তাপস ও তাকিককে উদ্ধার করা হয়।”

কামরুল হোসেন বলেন, পরে ঘটনাস্থল থেকে দশমিক ৩২ বোরের একটি রিভলবার, পাঁচ রাউন্ড গুলি, তিনটি চাপাতি, তিনটি ছোরা, দুটি সামুরাই ও ককেটি গুপ্তিসহ দোকান কর্মচারী বিজয়কে আটক করা হয়।

এ ঘটনায় ডিবির এসআই মো. রাশিদুল ইসলাম বাদী হয়ে খুলনা সদর থানায় মামলা দায়ের করেন। ওই বছরের ২৫ সেপ্টেম্বর তদন্ত শেষে ডিবির পরির্দশক এস এম নাফিউর রহমান অভিযোগপত্র দেন বলে জানান কামরুল।