কুমিল্লায় ‘নিখোঁজ যুবলীগ নেতার’ কঙ্কাল উদ্ধার
কুমিল্লায় নিখোঁজের ১৩ মাস পর এক ‘যুবলীগ নেতার কঙ্কাল’ উদ্ধার করা হয়েছে। এর আগে এ ঘটনায় দুইজনকে আটক করে পুলিশ।
মঙ্গলবার দুপুরে কুমিল্লা শহরের ঠাকুরপাড়ায় একটি পরিত্যক্ত বাড়ির সেপটিক ট্যাংকে কঙ্কাল পাওয়া যায় বলে জানান জেলা গোয়েন্দা পুলিশের এসআই শাহ কামাল আকন্দ।
নিহত এ টি এম তারিকুল ইসলাম টিটু (৩০) ছিলেন দেবীদ্বার পৌর যুবলীগের সহ-সভাপতি ও বানিয়াপাড়া এলাকার আবু তাহের মাস্টারের ছেলে।
আটক দুইজন হলেন সফিকুল ইসলাম লিমন ও হৃদয়। লিমন কুমিল্লা শহরের রেইসকোর্স এলাকার আবুল হাসেমের ছেলে।
এসআই কামাল বলেন, রোববার রাতে লিমন ও হৃদয়কে অস্ত্রসহ আটক করার পর তারা এ হত্যাকাণ্ডের কথা স্বীকার করে।
“তারা পাঁচ-ছয়জন মিলে টিটুকে হত্যার পর একটি পরিত্যক্ত বাড়িতে মাটিচাপা দেয়। পরে পাশের একটি সেপটিক ট্যাংকে মরদহ ফেলে রাখে।”
পুলিশ সুপার শাহ আবিদ হোসেন বলেন, ২০১৫ সালে ৭ জুলাই টিটু নিখোঁজ হওয়ায় দেবীদ্বার থানায় জিডি হয়। পরে তার মা রাজিয়া সুলতানা আদালতে মামলা করেন। মামলাটি গোয়েন্দা শাখায় হস্তান্তর করা হয়।
