উত্তরাঞ্চল ট্যাংকলরি ধর্মঘট প্রত্যাহার
সমঝোতা বৈঠকের পর উত্তরাঞ্চল ট্যাংকলরি মালিক-শ্রমিকদের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।
সোমবার সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে এক বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে জানান উত্তরাঞ্চল ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি হাজী শাহজাহান সিরাজ।
শাহজাহান সিরাজ জানান, সমঝোতা বৈঠকে ফলপ্রসু আলোচনা হওয়ায় উত্তরাঞ্চল ট্যাংকলরী মালিক-শ্রমিকদের অনির্দিষ্টকালের ডাকা ধর্মঘট তিন দিনের মাথায় প্রত্যাহার করা হলো।
হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার খালকুলায় নবনির্মিত নর্থ-বেঙ্গল পেট্রোল পাম্প উদ্বোধন পরবর্তী চাঁদা দাবির অভিযোগে গত শনিবার থেকে ট্যাংক-লরি ধর্মঘট শুরু হয়। এ কারণে উত্তরাঞ্চলের ১৬ জেলাসহ টাঙ্গাইল ও জামালপুরের বাঘাবাড়ি তেল ডিপোতে থেকে জ্বালানি সরবরাহ বন্ধ থাকে।
জেলা প্রশাসক বিল্লাল হোসেনের সভাপতিত্বে সমঝোতা বৈঠকে স্থানীয় সাংসদ গাজী ম ম আমজাদ হোসেন মিলন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ কামরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শাহিনুর আলম খান, সদর উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দন, শাহজাদপুর উপজেলা চেয়ারম্যান আজাদুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শামিম আলম, সার্কেল এএসপি আবুল হাসনাত, তাড়াশ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়াম লীগ সভাপতি আব্দুল হক, সাধারণ সম্পাদক সঞ্জিত কুমার কর্মকার, তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার জিল্লুর রহমান খান, বাঘাবাড়ি বিপিসির মেঘনা পেট্রোলিয়াম কোম্পানির সহকারী মহা-ব্যবস্থাপক আনোয়ারুল ইসলাম, বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন রাজশাহী অঞ্চলের সভাপতি মিজানুর রহমান রতন, উত্তরাঞ্চল ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি হাজী শাহজাহান সিরাজ, সাধারণ সম্পাদক রমজান আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
