পানি কমছে পদ্মায়
এক সপ্তার বেশি সময় ধরে বিপজ্জনক গতিতে বেড়ে দুই দিন স্থিতিশীল থাকার পর কমতে শুরু করেছে পদ্মার পানি।
সোমবার সকাল ৯টায় রাজশাহী পয়েন্টে পদ্মার পানি ১৮ দশমিক ৪৫ মিটার থেকে কমে বেলা ১২টায় ১৮ দশমিক ৪৪ মিটারে নিমে যায়, যা বিপৎসীমার ৬ সেন্টিমিটার নিচে।
বিহারে বন্যার কারণে ভারত ফারাক্কা বাঁধের সব গেইট খুলে দেওয়ায় পানি বাড়ে বাংলাদেশের পদ্মায়।
রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মুখলেছুর রহমান বলেন, রোববার সন্ধ্যা ৬টা পর্যন্ত গত দুই দিন পদ্মার পানি ১৮ দশমিক ৪৬ মিটার উচ্চতায় প্রবাহিত হয়।
“সোমবার সকাল ৯টায় রাজশাহী পয়েন্টে ১৮ দশমিক ৪৫ মিটার পানি থাকলেও বেলা ১২টায় এক পয়েন্ট কমে ১৮ দশমিক ৪৪ মিটারে নেমে দাঁড়ায়, যা বিপৎসীমার ৬ সেন্টিমিটার নিচে।”
১৮ দশমিক ৫০ মিটার বিপৎসীমা ধরা হয় বলে তিনি জানান।
এর আগে ২৬ অগাস্ট পর্যন্ত প্রায় এক সপ্তা ধরে প্রতিদিন ১২ থেকে ১৩ সেন্টিমিটার করে পানি বাড়ে বলে জানিয়েছিলেন রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মীর মোশাররফ হোসেন।
এদিকে পানির চাপে রাজশাহী মহানগরীর বুলনপুর এলাকায় ক্ষতিগ্রস্ত শহর রক্ষা বাঁধ দ্বিতীয় দিনের মতো মেরামত করা হয়েছে।
প্রকৌশলী মুখলেছুর বলেন, দুই দিনে প্রায় আড়াই শ জিও ব্যাগ ফেলে ভাঙন নিয়ন্ত্রণে রাখা হয়। এছাড়া বাঁধের দুর্বল ও ক্ষতিগ্রস্ত পয়েন্টগুলোয় জিও ব্যাগ ও বালির বস্তা ফেলে মেরামতের কাজ অব্যাহত রাখা হয়েছে।
আশঙ্কার কিছু নেই বলে তিনি জানান।
