২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শরীয়তপুর পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে তালা দিয়ে বিক্ষোভ

বিভিন্ন দাবিতে শরীয়তপুর পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে তালা দিয়ে সড়ক অবরোধসহ বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। এ সময় পুলিশের লাঠিচার্জে অন্তত ১০ শিক্ষার্থী আহত হয়।

শরীয়তপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2016, 11:00 PM

Updated : 20 Aug 2022, 01:32 PM

শনিবার সকালে ইনস্টিটিউটের সামনে শরীয়তপুর-চাঁদপুর মহাসড়কে এ ঘটনা ঘটে।

ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা ছাত্র সংসদ নির্বাচন, ক্যান্টিন চালু ও ল্যাব সংস্কারসহ ১১ দফা দাবি জানিয়ে আসছিল।

অধ্যক্ষ হুমায়ুন কবীর খান বলেন, “ইচ্ছে করলেই আমি সব দাবি পূরণ করতে পারি না। আমি বলেছিলাম কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে বিষয়টি সুরাহা করব। তারা তা মানে না।

“তারা কলেজে তালা দিয়ে রাস্তা অবরোধ করেছে। বাধ্য হয়ে আমি পুলিশ খবর দেই। তারা এসে লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়। এতে ১০-১২ জন ছাত্র আহত হয়েছে।”

অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ বলেন, শিক্ষার্থীরা কলেজে তালা লাগিয়ে রাস্তা অবরোধ করে যানচলাচল বন্ধ করে দেয়।

“সরে যেতে বললেও তারা সরেনি। পরে পুলিশ তাদের ধাওয়া করে। এতে চার-পাঁচজন ছাত্র দৌড়ে পালাতে গিয়ে আহত হয়।”

জেলা প্রশাসক মো. মাহমুদুল হুসাইন খান বলেন, ঘটনাস্থলে গিয়ে ক্যান্টিন নির্মাণ, ল্যাব সংস্কার ও কম্পিউটার সরবরাহসহ কিছু দাবি এখনই জরুরি ভিত্তিতে পূরণ করার জন্য অধ্যক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া ছাত্রীনিবাস নির্মাণসহ বিভিন্ন বিষয়ে আশ্বাস দেওয়া হয়েছে বলে জানান জেলা প্রশাসক।