ডিবি পরিচয়ে ছিনতাই, আটক ২
ঝিনাইদহ শহরে ডিবি পরিচয়ে ছিনতাইয়ের অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার শহরের আরাপপুর থেকে তাদের আটক করা হয় বলে ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার গোপিনাথ কানজিলাল জানান।
এরা হলেন মাদারীপুর সদর উপজেলার আউশদী গ্রামের হাফিজ গাজীর ছেলে ফরহাদ গাজী ও ভোলার কুঞ্জপর্টির আব্দুল গনির ছেলে উজিউল্লাহ।
আটকদের কাছ থেকে একটি মাইক্রোবাস ও ছিনতাই কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলে অতিরিক্ত পুলিশ সুপার জানান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকালে সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের খলিলুর রহমান নামের এক ব্যক্তি মাগুরা ইসলামী ব্যাংক শাখা থেকে চার লাখ টাকা তুলে এক সঙ্গীসহ মোটরসাইকেলে করে ঝিনাইদহ আসছিলেন।
“পথে মাগুরা সদর উপজেলা ইট খোলা বাজারে একটি সাদা রংয়ের মাইক্রোবাস তাদের গতিরোধ করে। গাড়িতে থাকা ৬/৭ জন নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে খলিল ও তার সঙ্গীকে মাইক্রোবাসে তোলে।
“এরপরটাকা ছিনইতাই করে ঝিনাইদহের লাউদিয়া এলাকায় খলিল ও তার সঙ্গীকে নামিয়ে দেয়।”
অতিরিক্ত পুলিশ সুপার জানান, খবর পেয়ে চেকপোস্ট বসিয়ে মাইক্রোটি আটক করে। এসময় গাড়ি থেকে নেমে সন্ত্রাসীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা দুজনকে ধরে পিটুনি দেয়। পরে দুজনকে আটক পুলিশ।
তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত একটি সাদা মাইক্রোবাস, একটি ওয়াকিটকি, এক জোড়া হাতকড়া, তিনটি মোবাইল ফোন সেট ও কিছু নগদ টাকা উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।
